অবৈধ অস্ত্রসহ গোদাগাড়ীতে গ্রেপ্তার ২
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিজয়নগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনরশিয়া গ্রামের শিমুল আহম্মেদ (২০) এবং পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের আলম (২৫)।
পুলিশ জানায়, গতকাল সকাল থেকে একদল পুলিশ রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিল। বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলার বিজয়নগর এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশ রাজশাহীগামী একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দেয়। কিন্তু ওই সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে একটি গতিরোধকের ওপর মোটরসাইকেলটি আছড়ে পড়ে। পরে পুলিশ এর চালক আলম ও আরোহী শিমুলকে ধরে ফেলে। পরে তারা শিমুলের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ২১টি গুলি ও মুঠোফোনের তিনটি সেট জব্দ করে। পুলিশ তাঁদের মোটরসাইকেলটিও জব্দ করে।