অবৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে প্রার্থীদের শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামে গত ২৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে মাত্র ১১টি অস্ত্র। এই সময়ে মুখোশ পরা অস্ত্রধারীদের গুলিতে খুনসহ লাশ উদ্ধার হয়েছে চারটি। এ অবস্থায় নির্বাচনে অবৈধ এবং বৈধ অস্ত্রের ব্যবহার নিয়ে শঙ্কার কথা বলছেন প্রার্থীরাও। 
পুলিশের দাবি, নির্বাচনে চার স্তরের নিরাপত্তা থাকবে। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।
অবৈধ অস্ত্রের ব্যবহার এবং ভোটকেন্দ্র দখলের আশঙ্কার কথা বলেছেন বেশ কয়েকজন প্রার্থী। তাঁদেরই একজন ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী নজরুল ইসলাম বাহাদুর। তাঁর আশঙ্কার বিষয়টি লিখিতভাবে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।
১৭ এপ্রিল বাকলিয়া মিয়াখান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তালিকাভুক্ত সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে কাউয়া নাছিরকে দিনদুপুরে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই আবদুল করিম বলেন, মুখোশ পরা দুই যুবকের হাতে দুটি অত্যাধুনিক অস্ত্র ছিল। আট দিনেও হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। এর আগের দিন টাইগারপাস মালিপাড়ায় সাদ্দাম হোসেন নামের এক যুবক এবং ১ এপ্রিল উত্তর কাট্টলীতে সুমিত দত্ত নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ১৩ এপ্রিল টেরিবাজার এলাকায় একটি ব্রিজের নিচ থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
তবে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার কম হলেও নিজের সন্তুষ্টির কথা জানিয়ে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন গতকাল শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার দাবি করেছেন, পুলিশের কঠোর নজরদারির কারণে সন্ত্রাসীরা গা-ঢাকা দিয়েছে। অবৈধ অস্ত্রের কেনাবেচা ও ব্যবহার নেই। তাই অস্ত্র উদ্ধারও কম হয়েছে। তবে নগরে অবৈধ অস্ত্রের সংখ্যা কত সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান।
এক প্রশ্নের জবাবে বনজ কুমার মজুমদার বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২৪ জন সদস্য থাকবেন। তিনি জানান, চলতি মাসের শুরু থেকে নগরের সিটি গেট, অক্সিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথাসহ গুরুত্বপূর্ণ আট থেকে নয়টি পয়েন্টে বিশেষ তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।
নির্বাচনে বৈধ অস্ত্রেরও অবৈধ ব্যবহারের আশঙ্কার কথা জানিয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সাধারণ সম্পাদক আখতার কবির চৌধুরী বলেন, ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে। নির্বাচনের দিন মাঠে সেনাবাহিনী থাকলে মানুষের শঙ্কা কিছুটা কাটত।
এ বিষয়ে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে পেশিশক্তি ও অবৈধ অস্ত্রের ব্যবহারের আশঙ্কা রয়েছে। অস্ত্রগুলো থানায় জমা না নেওয়ায় বৈধ অস্ত্রেরও অবৈধ ব্যবহার হতে পারে। উঠতি সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কে আছেন সাধারণ ভোটাররাও। নির্বাচনের দিন মাঠে সেনাবাহিনী থাকবে না বলে অনেকে ভোট দিতেও বের হবেন না।’ তিনি জানান, প্রচারণাকালে তাঁদের অনেক নেতা-কর্মী হামলার শিকার হয়েছেন।
তবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী আ জ ম নাছিরের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে নির্বাচনে অবৈধ অস্ত্রের ব্যবহারের সুযোগ নেই।
অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে র্যা ব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ জানান, ১২ এপ্রিল ‘শহীদ হামজা ব্রিগেড’ নামের নতুন জঙ্গি সংগঠনের তিন সদস্যসহ চারজনকে একে ২২ রাইফেল, বিদেশি পিস্তল ও বন্দুক এবং বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার করেছে র্যা ব।
চট্টগ্রাম জেলা প্রশাসনের আগ্নেয়াস্ত্র শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর সালেহীন গাজী জানান, নগরের ১৬ থানায় ২ হাজার ৮৫০টি অস্ত্রের লাইসেন্স নবায়ন করা হয়েছে গত জানুয়ারি মাসে। এর মধ্যে বেশি রয়েছে কোতোয়ালি থানায় ৮০০, বন্দর থানায় ৫৫০, ডবলমুরিংয়ে ৭০০, পাঁচলাইশে ৫২০ ও চান্দগাঁও থানায় ১১৯টি।