অবৈধ আবদার পূরণ না করায় ছাত্রলীগের হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০-১১ অনার্স (সম্মান) প্রথম বর্ষে অবৈধভাবে ছাত্র ভর্তি না করায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা ফজলুল হক সরকারি কলেজে হামলা চালিয়েছে ছাত্রলীগের কর্মীরা। এ সময় তাঁরা অধ্যক্ষের কার্যালয় ও দাপ্তরিক কক্ষে ভাঙচুর চালিয়ে তালা মেরে অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।অধ্যক্ষ সিরাজুল ইসলামসহ অবরুদ্ধ অন্য শিক্ষকেরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ভর্তি পরীক্ষার ফলাফলের তালিকার মেধাক্রম অনুযায়ী ভর্তির অযোগ্য দুই ছাত্রকে অবৈধভাবে ভর্তির জন্য কলেজের ভর্তি কমিটিকে বেশ কয়েক দিন ধরে চাপ প্রয়োগ করে আসছিলেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। কিন্তু কমিটি এ অবৈধ দাবি উপেক্ষা করে। বৃহস্পতিবার দাপ্তরিক কক্ষে ভর্তিসংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক-কর্মচারীদের আলোচনা চলার সময় ছাত্রলীগের কর্মীরা ওই হামলা চালান। এ সময় ছাত্রলীগ কর্মীরা অধ্যক্ষের কার্যালয়সহ দাপ্তরিক কক্ষে ভাঙচুর করেন। পরে তাঁরা কক্ষে তালা ঝুলিয়ে অধ্যক্ষসহ অন্য শিক্ষক-কর্মাচারীদের অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শিবগঞ্জের ইউএনও এ জেড এম শারজিল হাসান ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজু আহম্মেদ জানান, কলেজ কর্তৃপক্ষই মেধাক্রম ভেঙে ছাত্র ভর্তি করছে। এ ছাড়া কলেজটিতে ঠিকমতো ক্লাস হয় না। শহীদ মিনারের সংস্কার কাজ না হওয়ায় এবং অনার্সের পরীক্ষাকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে চলে যাওয়ায় ছাত্রদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এসব কারণে ছাত্রলীগ ও অন্যান্য দলের কর্মীসহ সাধারণ ছাত্ররা ওই হামলা চালান।