অবৈধ আবাসন প্রকল্পের অনুমোদন না দিতে ১১ সংগঠনের দাবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যক্রমের স্বচ্ছতা দাবি করে ১১টি সংগঠন গৃহায়ণ ও পূর্ত মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দিয়েছে। সংগঠনগুলো অভিযোগ করেছে, রাজউক নতুন করে কয়েকটি আবাসন প্রকল্পের অনুমোদন দিতে যাচ্ছে। ওই প্রকল্পগুলোর বেশির ভাগই বন্যাপ্রবাহ এলাকা, জলাভূমি ও কৃষিজমি ভরাট করে গড়ে উঠেছে। যে পরিমাণে জমি তারা ভরাটের অনুমোদন পেয়েছে, কোনো কোনো ক্ষেত্রে তার চেয়ে চার-পাঁচ গুণ বেশি জমি তারা ভরাট করেছে। এই পরিস্থিতির কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, জলাশয় আইন ও ঢাকা মেট্রোপলিটান উন্নয়ন পরিকল্পনার (১৯৯৫-২০১৫) শর্ত ভঙ্গ করার কারণে বেসরকারি আবাসিক প্রকল্পগুলো ভূমি উন্নয়ন বিধিমালা, ২০০৪ অনুযায়ী অনুমোদন পেতে পারে না। অনেক ক্ষেত্রেই উদ্যোক্তারা তাদের প্রস্তাবিত ভূমির বাইরেও বিভিন্ন মৌজায় বিস্তৃত এলাকার ভূমি ভরাট করছে বলে অভিযোগ রয়েছে। বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালার সুস্পষ্ট নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উদ্যোক্তারা তাদের অননুমোদিত প্রকল্পের প্লট বিক্রির বিজ্ঞাপন অব্যাহত রেখেছে এবং প্লট বিক্রি করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো হচ্ছে: আইন ও সালিশ কেন্দ্র (আসক), অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), সেন্টার ফর আরবান স্টাডিজ (সিইউএস), ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশ (আইএবি), নিজেরা করি এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত ৩১ জুলাই একটি জাতীয় দৈনিকের সংবাদের প্রতিবেদনের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, রাজউক বেসরকারি আবাসিক কোম্পানিগুলোর কিছু অবৈধ এবং অননুমোদিত প্রকল্পের অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এবং ইতিমধ্যে কিছুসংখ্যক প্রকল্পের অবৈধভাবে অনুমোদনও দিয়েছে।