অবৈধ আবেদনপত্র টিকছে না বলে নিয়োগ প্রক্রিয়াই বাতিল
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর নিয়ন্ত্রণাধীন সংক্রামক ব্যাধি হাসপাতাল ও পরিবার পরিকল্পনা মডেল ক্লিনিকে কর্মচারী নিয়োগ পরীক্ষার জন্য গৃহীত আটটি অবৈধ আবেদনপত্র অগ্রাহ্য হচ্ছে দেখে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে বলেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।হাসপাতাল সূত্রে জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ২১টি বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য গত বছরের ১১ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বছরের ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল। কিন্তু ৩ জুলাই সাতক্ষীরার কালীগঞ্জ ও দেবহাটা উপজেলা থেকে আটটি আবেদনপত্র আসে। হাসপাতালের তৎকালীন পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী আবেদনপত্রগুলো গ্রহণ না করে ফেরত পাঠান। এরপর ৪ জুলাই পরিচালক বদলি হয়ে চলে যান। তাঁর স্থলাভিষিক্ত হন আবদুস ছবুর মিঞা। তিনি আবেদনপত্রগুলো গ্রহণ করেন।অভিযোগ রয়েছে, স্বাস্থ্যমন্ত্রীর নিজের এলাকার লোক বলে চিকিৎসকদের পেশাজীবী সংগঠনের নেতাদের হস্তক্ষেপে পরিচালক এ আবেদনপত্রগুলো গ্রহণ করেন। গত বছরের সেপ্টেম্বরে পরিচালক আবদুস ছবুর মিঞা বদলি হন। অবৈধ এ আবেদনপত্রগুলোর সিদ্ধান্ত নেওয়ার জন্য চলতি বছরের ১৪ জুন হাসপাতালের পরিচালকের কার্যালয়ে পরিচালক মোহাম্মদ মইনুদ্দিন সভাপতিত্বে বিভাগীয় নির্বাচন কমিটির বৈঠকে নির্ধারিত সময়ে জমা পড়া আবেদনপত্রগুলোই বৈধ হিসেবে গ্রহণ করা হয়। পরে জমা পড়া আবেদনপত্রগুলোর বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতামত চাওয়ার সিদ্ধান্ত হয়।গত ৩০ জুন হাসপাতালের পরিচালক মন্ত্রণালয়ে মতামত চেয়ে চিঠি পাঠান। এক মাস পর ৩০ জুলাই তিনি আবার তাগাদা দিয়ে চিঠি পাঠান। কারণ, দ্বিতীয় দফা মেয়াদ বাড়িয়ে এ নিয়োগ প্রক্রিয়া আগামী ২৫ অক্টোবরের মধ্যে শেষ করার কথা ছিল। পরিচালকের চিঠির পরিপ্রেক্ষিতে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সমীচীন হবে—এমন মতামত দিয়ে গত ২২ আগস্ট মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হাসপাতালের পরিচালকের কাছে চিঠি পাঠিয়েছেন। ২৮ আগস্ট পরিচালক এ চিঠি হাতে পান। হাসপাতালের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অবৈধ আবেদনগুলো আটকে দেওয়ার ব্যাপারে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দিদার রসুল, প্রধান সহকারী আবুল কালাম আজাদ ও পরিচালকের ব্যক্তিগত সহকারী রাশেদুস সালেহীনের ভূমিকা রয়েছে সন্দেহে গত বৃহস্পতিবার তাঁদের তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়েছে। দিদার রসুল বদলির আদেশ হাতে পাওয়ার কথা নিশ্চিত করে জানান, দরখাস্ত বাছাই করার বিষয়টি বিভাগীয় নির্বাচন কমিটির এখতিয়ারভুক্ত। তিনি বলেন, ‘আগে আমাকে এক জায়গায় বদলি করা হয়েছিল। এর বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট করি। আদালত আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছেন। এ অবস্থায় কর্তৃপক্ষ আমাকে বদলি করতে পারে না।’রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনুদ্দিন গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিভাগীয় নির্বাচন কমিটি বসে আগের নিয়োগপ্রক্রিয়া বাতিল করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেব।’