অবৈধ ইজিবাইকে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে চলছে অনুমোদন ও নিবন্ধনহীন ইজিবাইক। গতকাল শহরের কালীবাড়ি মোড় থেকে তোলা ছবি  l প্রথম আলো
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে চলছে অনুমোদন ও নিবন্ধনহীন ইজিবাইক। গতকাল শহরের কালীবাড়ি মোড় থেকে তোলা ছবি l প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিদিন অবৈধভাবে নামানো হচ্ছে ব্যাটারিচালিত ইজিবাইক। স্থানীয় লোকজন অবাধে এসব যান নামাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাত্রাতিরিক্ত ইজিবাইক চলাচল করায় শহরে তীব্র যানজট হচ্ছে। উপরন্তু চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এসব যানে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলায় প্রতিদিন গড়ে চার-পাঁচটি করে নতুন ইজিবাইক বিক্রি হচ্ছে। এ হিসাবে মাসে ১২০ থেকে ১৫০টি ইজিবাইক অবৈধভাবে সড়কে নামানো হচ্ছে। এসব নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ); এমনকি পৌর কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক নাদির হোসেন বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ অনুযায়ী ইঞ্জিন দ্বারা চালিত যেকোনো মোটরযানের লাইসেন্স, সড়কে চলাচলের অনুমতি ও নিবন্ধন বিআরটিএ কর্তৃপক্ষ থেকে দেওয়া হবে। যেগুলো ইঞ্জিন দ্বারা চালিত নয়, সেগুলোর লাইসেন্স, সড়কে চলাচলের অনুমতি ও নিবন্ধন বিআরটিএ দেবে না।
পৌরসভা ইজিবাইকচালকের ড্রাইভিং লাইসেন্স দিতে পারে কি না—তা জানতে চাইলে পৌরসভার সচিব মো.আবুজর গিফরী প্রথম আলোকে বলেন, পৌরসভা অযান্ত্রিক গাড়ি হিসেবে ইজিবাইক ও এর চালকের ড্রাইভিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, ২০০৯-১০ অর্থবছরেই পৌর শহরে চলাচলের জন্য ২০০ ইজিবাইকের অনুমোদন দেয় পৌরসভা। এরপর আর কোনো ইজিবাইকের অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে পৌর শহরে তিন-চার হাজার ইজিবাইক চলাচল করছে। গত ৮ মে পর্যন্ত ইজিবাইকচালকের লাইসেন্স ও গাড়ির লাইসেন্সের জন্য ৩ হাজার ৪০০ ফরম বিতরণ করা হয়েছে।
ড্রাইভিং লাইসেন্স (যান চালানোর অনুমোদনপত্র) নিচ্ছেন না কেন—জানতে চাইলে আলী মিয়া, রাব্বি মিয়াসহ অন্তত ২০-২৫ ইজিবাইকচালক বলেন, ইজিবাইক চালাতে কোনো প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স লাগে না। অল্প দিনেই চালানো শেখা যায়। অনুমতি না নিয়ে ইজিবাইক নামানোর বিষয়ে জানতে চাইলে এর মালিক ইউনুস আলী ও জমসেদ আলী বলেন, ইজিবাইক নামাতে তাঁদের কেউ বাধা দিচ্ছেন না। এ কারণে তাঁরা অনুমতি নেন না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের প্রধান সড়ক কাউতলী থেকে মেড্ডা পর্যন্ত সবচেয়ে বেশি ইজিবাইক চলাচল করে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে, রেলগেট, কালীবাড়ি মোড়, ফকিরাপুল (ঘোড়াপট্টির সেতু) ও পাইকপাড়া এলাকায় ইজিবাইকের জন্য যানজট সৃষ্টি হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় ফাহিম অটো মোটরস অ্যান্ড পার্টস, রাবেয়া মোটরস, রিয়াদ এন্টারপ্রাইজ, কাউতলী স্টেডিয়াম মার্কেট এলাকার সিয়াম মোটর অ্যান্ড পার্টস এবং পৌর শহরের ভাদুঘর ও সদর উপজেলার সুহিলপুর এলাকায় ইজিবাইকের বেশ কয়েকটি দোকান রয়েছে। প্রতিটি ইজিবাইক ১ লাখ ৩৫ হাজার থেকে ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
জেলা ইজিবাইক মালিক সমিতির সভাপতি মনিরউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক লতিফুল আলম সরকার বলেন, ইজিবাইক চালানো সহজ। তাই এই যান চালানোর জন্য কোনো প্রশিক্ষণের দরকার হয় না।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মুজিবুর রহমান বলেন, নতুন ইজিবাইক আর শহরে চলাচল করতে পারবে না। শহর যানজটমুক্ত করতে প্রতিনিয়তই ইজিবাইকচালকদের সর্বনিম্ন ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হচ্ছে।
পৌর মেয়র নায়ার কবির বলেন, পৌরসভা থেকে নিবন্ধন নেওয়া ২০০টি ছাড়া সব ইজিবাইক অবৈধভাবে নামানো হয়েছে। শিগগিরই পৌর এলাকায় মোট ৮৭৭টি ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়া হবে। অননুমোদিত ইজিবাইকের চলাচল বন্ধ হলে শহরে যানজট কমে যাবে।
এ বিষয়ে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, পৌরসভার ভেতরে যানজট কমাতে জেলা পুলিশ ও পৌরসভার সঙ্গে ইজিবাইক নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করে পৌর শহরের আটটি রুটে আট রঙের ইজিবাইক চলাচল করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পৌরসভার। খুব শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।