অবৈধ ইজিবাইকে স্থবির ময়মনসিংহ শহর
ময়মনসিংহ শহরের বিভিন্ন সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। রমজান মাস শুরুর প্রথম দিন থেকে যানজট আরও বেড়ে গেছে। অনুমোদিত সংখ্যার চেয়ে কয়েক গুণ বেশি অবৈধ ইজিবাইক চলার কারণে এ অচলাবস্থার সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ মনে করছে।
পৌরসভার লাইসেন্স বিভাগ জানায়, শহরে চলাচলের জন্য ৭৪৫টি ইজিবাইককে পৌরসভা অনুমোদন দিয়েছে। ২০১০ সালে সরকারি নিষেধাজ্ঞার পর থেকে নতুন করে আর কোনো ইজিবাইককে অনুমোদন দেওয়া হয়নি। অথচ চার বছরে শহরের চলাচলকারী ইজিবাইকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় চার হাজারে। শহরের পৌরসভার অনুমোদিত রিকশার সংখ্যাও প্রায় ১২ হাজার।
গত কয়েক দিনে ময়মনসিংহ শহরের পাটগুদাম, গাঙ্গিনার পাড়, নতুন বাজার, সি কে ঘোষ রোড, ত্রিশাল বাসস্ট্যান্ড, চরপাড়া এলাকায় দিনের বেশির ভাগ সময় ইজিবাইক ও রিকশার ভয়াবহ যানজট লেগে থাকতে দেখা গেছে। রোজার মাসে, বিশেষ করে বিকেলে যানজটের কারণে শহরের গাঙ্গিনার পাড়, নতুন বাজার, চরপাড়া ও পাটগুদাম এলাকা স্থবির হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে ঘরমুখো মানুষ। বর্ষা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের পর বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি নামতে কমপক্ষে এক ঘণ্টা সময় লাগছে। ওই সময় যানজট আরও তীব্র হয়। ফলে পথচারীদের হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।
গত বুধবার দুপুরে প্রায় দুই ঘণ্টা ভারী বর্ষণের পর দেখা গেছে, নতুন বাজার থেকে গাঙ্গিনার পাড়, নতুন বাজার থেকে বাউন্ডারি রোড হয়ে চরপাড়া সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সড়ক দিয়ে চলাচলকারীরা চরম দুর্ভোগ পোহায়। আলাপকালে অনেকেই প্রথম আলোকে জানান, অবৈধ ইজিবাইক চলাচলের কারণেই শহরের এই স্থবিরতা। কঠোর নিয়ম করে অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করা গেলে অবস্থার উন্নতি হবে।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানায়, পৌর শহরে অবৈধ ইজিবাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু প্রায় প্রতিদিনই অবৈধ ইজিবাইক আটক করে জরিমানা করা হচ্ছে। তার পরও থামানো যাচ্ছে না ওই সব অবৈধ ইজিবাইকের চলাচল। গত মার্চ মাসের শেষ দিকে অবৈধ ইজিবাইক পৌর শহরে চলাচলের কঠোর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করার পর ১ এপ্রিল থেকে সর্বোচ্চ ১০ দিন অবৈধ ইজিবাইক শহরের প্রবেশ করেনি। লোকবল পর্যাপ্ত না থাকায় এত অবৈধ ইজিবাইকের ওপর নিয়ন্ত্রণ রাখাও কঠিন হয়ে পড়েছে ট্রাফিক বিভাগের। ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা বলেন, জরিমানা দিয়ে থানা থেকে বের হওয়ার পরই আবার শহরে চলতে শুরু করে অবৈধ ইজিবাইক।
ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক সৈয়দ মাহাবুবুর রহমান বলেন, শহরের ইজিবাইকের শো রুমগুলো বন্ধ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।