অবৈধ ইটভাটা চালু রাখতে রাজনীতিকদের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, নেই জেলা প্রশাসনের অনুমোদন। তবু বছরের পর বছর ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন উপেক্ষা করে, নিষিদ্ধ ড্রাম চিমনির মাধ্যমে এসব ভাটায় চলছে ইট তৈরির কাজ। সম্প্রতি ড্রাম চিমনির ইটভাটার মালিকেরা নিজেদের ভাটা সচল রাখতে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সাংসদ এমনকি মন্ত্রীর সুপারিশ নিয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন।জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি মুরাদ হোসেন বলেন, জেলায় ৭৪টি ভাটায় নিয়মিত ইট পোড়ানো হয়। এর মধ্যে ৪৭টি ভাটার বৈধ কাগজপত্র রয়েছে। এসব ভাটার মালিকেরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স পরিশোধ করে আসছেন। অন্য ২৭টি ইটভাটার কোনো ছাড়পত্র ও নিবন্ধন নেই। এসব ভাটার মালিকেরা ড্রাম চিমনি ব্যবহার করে কয়লার বদলে জ্বালানি কাঠ পুড়িয়ে ইট তৈরি করছেন। ফলে এগুলো একদিকে পরিবেশের ক্ষতি করছে, অন্যদিকে সরকার রাজস্ব হারাচ্ছে।জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর গত মে মাসে ‘সনাতনী ইটভাটা বন্ধের চূড়ান্ত গণবিজ্ঞপ্তি’ জারি করেছে। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, সনাতনী ইটভাটাগুলো চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে পরিবেশবান্ধব আধুনিক প্রযুক্তির ‘হাইব্রিড হফম্যান কিলন’, ‘জিগজ্যাগ কিলন’, ‘ভার্টিক্যাল শ্যাফট কিলন’ বা অন্যান্য পরীক্ষিত উন্নত প্রযুক্তির ভাটায় রূপান্তর করতে হবে। অনুমোদন ছাড়া ও ড্রাম চিমনির মাধ্যমে ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।এই গণবিজ্ঞপ্তি পেয়ে গত ১৬ আগস্ট জেলা প্রশাসন জেলার সবগুলো ইটভাটার মালিককে প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করে হালনাগাদ ছাড়পত্র ও অনুমোদন নেওয়ার জন্য চিঠি দেন।এদিকে গত ৭ নভেম্বর ঠাকুরগাঁও জেলা ইট প্রস্তুত মালিক সমিতি অবৈধ ইটভাটাগুলো বন্ধের দাবিতে শহরে মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। পরদিন জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার দুটি ইটভাটায় অভিযান চালিয়ে উভয় ভাটাকে ১৫ হাজার টাকা করে জরিমানা ও ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়।এরপর অবৈধ ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটার মালিকেরা সম্ভাব্য অভিযান থেকে বাঁচতে চলতি বছরের জন্য তাঁদের ভাটা সচল রাখার অনুমতি দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। ড্রাম চিমনির ইটভাটার মালিক মিজানুর রহমান বলেন, ‘ইটভাটার একটি মৌসুম শেষ হলেই পরের মৌসুমের কাজ শুরু হয়ে যায়। সে ক্ষেত্রে ড্রাম চিমনির মালিকেরা অনেক টাকা বিনিয়োগ করে ফেলেছেন। হঠাৎ ভাটার কাজ বন্ধ করে দিলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হব। তা ছাড়া একটি ভাটাকে হাওয়াই ভাটায় রূপান্তরের জন্য কমপক্ষে পাঁচ লাখ ইট লাগে। জেলা প্রশাসকের কাছে ড্রাম চিমনি ব্যবহার করে সেই পরিমাণ ইট পোড়ানোর অনুমতি চেয়ে আবেদন করেছি। ব্যবসায়ী-রাজনৈতিক নেতা, সাংসদ ও মন্ত্রীও ওই আবেদনে সুপারিশ করেছেন।’জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, ‘ইটভাটার সঙ্গে অসংখ্য পরিবারের আয় জড়িয়ে রয়েছে। হঠাৎ ভাটা বন্ধ হলে তাদের অবস্থা নাজুক হয়ে যাবে। মানবিক কারণে ভাটার মালিকদের অনুরোধে চলতি বছরের জন্য ড্রাম চিমনির মাধ্যমে ইট পোড়ানোর অনুমতি দিতে সুপারিশ করেছি। তবে পরের বছরে ড্রাম চিমনিগুলো হাওয়াই ভাটায় রূপান্তর করার অঙ্গীকার করার পরই আমরা সুপারিশ করেছি।’পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক সাইফুল্লাহ তালুকদার জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার পর জেলা প্রশাসন ইটভাটার অনুমোদন দেয়। এ ছাড়াও প্রতিবছর ভাটার মালিকদের অনুমোদনপত্র নবায়ন করতে হয়। অনুমোদন দেওয়ার আগে তাঁরাই চূড়ান্ত যাচাই করেন। অনুমোদন বাতিলের ক্ষমতাও জেলা প্রশাসনের রয়েছে।গত রোববার জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস জানান, ইটভাটাগুলো কঠোর নজরদারিতে রয়েছে। জেলা প্রশাসনের অনুমোদন ছাড়া কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।