নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। একই সঙ্গে তাঁরা সন্ত্রাসী ও গডফাদারদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সদস্যরা এ দাবি জানান। গতকালের সভায়ও সভার উপদেষ্টা নারায়ণগঞ্জের পাঁচ সাংসদের কেউই উপস্থিত ছিলেন না।
সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. শহীদুল্লাহ বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াত চক্রের বিষদাঁত অনেকটাই ভেঙে গেছে। তাই তারা বিএনপির কাঁধে ভর করে দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে হরতালের নামে নিরীহ মানুষকে জিমিঞ্চ করতে উদ্যত হয়েছে। জ্যান্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে।
শহীদুল্লাহ আরও বলেন, নারায়ণগঞ্জের অনেক গডফাদার ও সন্ত্রাসী চক্রের হাতে অবৈধ অস্ত্র রয়েছে। তাদের গ্রেপ্তার করে অবৈধ সব অস্ত্র এখনই উদ্ধার করতে হবে। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদী দখল করে অবৈধভাবে যেসব ইটভাটা গড়ে উঠেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সভায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, জেলার আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশ প্রশাসন ‘জিরো টলারেন্স’ দেখাবে। মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সভার সভাপতি জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল বলেন, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসন পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসন পিছু হবে না।
সভায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সামিউল্লাহ মিলন।