অবৈধ ইটভাটায় প্রাণ গেল শ্রমিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথার ওপর বিদ্যুতের তার। তার পরও খেয়াল নেই ইটভাটার মালিকের, খেয়াল করেননি শ্রমিকেরাও। তারের নিচে মাটির উঁচু স্তূপ করে চলেছেন তাঁরা। সেই মাটির স্তূপের ওপর কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেলেন সাইফুল ইসলাম (২৮) নামের এক শ্রমিক। গতকাল রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছিতে ড্রাম চিমনির একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী শ্রমিক নজরুল ইসলাম জানান, সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা নছিমনে করে মাটি টানার কাজ করছিলেন। সাইফুলও ছিলেন তাঁদের সঙ্গে। উঁচুতে নছিমন তুলে মাটি নামাচ্ছিলেন তাঁরা। হঠাৎ সাইফুলের গলায় বিদ্যুতের তার জড়িয়ে যায়। চিৎকার করে উঠলে তাঁরা বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে সাইফুল ঝলসে যান এবং ঘটনাস্থলেই মারা যান।সাইফুলের বাড়ি কয়ারগাছি গ্রামে। তিনি কয়ারগাছি আশ্রয়ণ প্রকল্পে থাকতেন। তাঁর স্ত্রী ও ছয় বছর বয়সী একটি ছেলে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নওশের আলী, শুকুর আলী ও হাসানুজ্জামান নামে তিন ব্যক্তি চলতি মৌসুমে ঢাকা-খুলনা মহাসড়কের দোকানঘর নামক স্থানের পাশে কয়ারগাছি মাঠের মধ্যে ফসলি জমিতে সততা নামে ওই ভাটা গড়ে তোলেন। প্রশাসনের অনুমোদন ছাড়াই ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়াচ্ছেন তাঁরা। ইতিমধ্যে কাঠ পোড়ানোর অপরাধে নওশের আলীর ছেলে আবদুর রশিদ আটক হয়েছেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।এলাকাবাসী আরও জানান, ছেলেমেয়েরা অনেক সময় মাটির ওপর ওঠে খেলাধুলা করে। এতে আরও বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে। ঘটনার পর থেকে ভাটায় মালিকপক্ষের কাউকে দেখা যায়নি।সরেজমিনে আশ্রয়ণ প্রকল্পে দেখা যায়, নিহত সাইফুলের স্ত্রী শাহনাজ বেগম আহাজারি করছেন। আর বিলাপ করতে করতে বলছেন, একমাত্র ছেলে সাগরকে নিয়ে তিনি এখন অথৈ সাগরে পড়লেন। সংসারে একমাত্র উর্পাজনক্ষম সাইফুলই ছিলেন।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কালীগঞ্জ উপজেলার আবাসিক প্রকৌশলী শ্যামাপ্রসাদ জানান, বিষয়টি এখনো তাঁদের কাছে কেউ জানায়নি। তবে তিনি খোঁজ নেবেন।ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ জানিয়েছেন, তাঁরা অবৈধ ভাটাটি বন্ধের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেবেন। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন ক্ষতিপূরণ পায়, সে ব্যাপারেও পদক্ষেপ নেবেন।