অবৈধ কলে ‘বৈধ’ বিদ্যুৎ-সংযোগ!
সিলেটে পাথর ভাঙার কলগুলো অনুমোদনহীন হলেও ‘বৈধ’ হিসেবেই বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়েছে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি প্রতিটি কল থেকে নগদ টাকা জমা দেওয়ার একটি খাত তৈরিপূর্বক পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অনুমোদিত ট্রান্সফরমার ক্রয়ের শর্তে দুই শতাধিক কলে বিদ্যুৎ-সংযোগ দেয়। পাথর ভাঙার কলগুলো পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতিমালার মধ্যে আনতে প্রশাসনিক তোড়জোড় শুরু হওয়ায় কলমালিকদের বরাতে প্রকাশ পেয়েছে এসব তথ্য। আরও ২১টি কলে প্রায় অর্ধ কোটি টাকা জামানত নিয়েও নতুন সংযোগ ঝুলিয়ে রেখে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগে দেওয়া সংযোগের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অনুসন্ধানে জানা গেছে, সিলেটের ভোলাগঞ্জ ও উৎমা পাথর উত্তোলনস্থলকেন্দ্রিক কলগুলোর অধিকাংশ কোম্পানীগঞ্জ উপজেলায়। এর মধ্যে সিলেট সদরের ধূপাগোল ছাড়া বাকি এলাকা পল্লী বিদ্যুতের আওতায় থাকায় সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্তে সিপবিস-২ থেকে কলগুলোয় বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয়।বিদ্যুৎ-সংযোগের নতুন স্মারকপত্র সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের অস্থায়ী দায়িত্বে থাকা উপমহাব্যবস্থাপক মো. মিনাজউদ্দিন শেখ পাথর কলগুলোর সংযোগ তদারক করেছেন এবং নতুন সংযোগের জন্য জামানত রাখার বিষয়টি সম্পন্ন করেছেন। কয়েক কোটি টাকার আর্থিক লেনদেন ও সংযোগের বৈধতার বিষয়ে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।গত ২২ অক্টোবর কোম্পানীগঞ্জে কলমালিকদের সংগঠনের একটি সভার বরাত দিয়ে শুভেচ্ছা স্টোন ক্রাশারের পরিচালক শাহ জামালউদ্দিন জানান, যেকোনো প্রতিষ্ঠানের বৈধ-অবৈধ প্রশ্নের সঙ্গে বিদ্যুৎ-সংযোগের সম্পর্ক রয়েছে। অনুমোদনহীন কলগুলোয় বিদ্যুৎ-সংযোগ তাহলে কীভাবে দেওয়া হলো এবং নতুন আরও ২১টি কলের সংযোগ কেন ঝুলিয়ে রাখা হলো—এ বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালও এ প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেন, জেলা প্রশাসন থেকে যেখানে অনুমোদনই দেওয়া হয়নি, সেখানে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হয় কেমন করে?