অবৈধ কলের অবাধ বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাথর ভাঙার ভ্রাম্যমাণ কল। ঠেলাগাড়ির আদল হওয়ায় ঠেলে ঠেলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ঘেঁষেই বসানো হয়েছে। কল চালু করে যখন পাথর ভাঙা শুরু হলো, তখন নিরাপত্তা প্রাচীরেও কম্পন অনুভূত হচ্ছিল। কল থেকে পাথরগুঁড়ার ধুলো ছড়িয়ে পড়ছিল আশপাশসহ বিমানবন্দরের সংরক্ষিত এলাকায়ও। ভ্রাম্যমাণ এই কলের নাম ‘আল্লার দান, মায়ের দোয়া স্টোন ক্রাশার’।কল পরিচালনায় কোনো বৈধতা না থাকায় বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ঘেঁষেই ‘নিরাপদে’ থাকার প্রবণতায় শুধু এই একটি কল নয়, পুরো উত্তর অংশজুড়ে যত্রতত্রভাবে স্থাপন করা হয়েছে অর্ধশতাধিক কল। এসব কল থেকে ভাঙা পাথর পরিবহনে প্রতিদিন শত শত ট্রাকের আনাগোনায় সিলেট সদর উপজেলার ধূপাগোল এলাকার অবস্থা অনেকটা উন্মুক্ত কোনো পাথর ভাঙার কারখানায় পরিণত হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, ৬৭৪ একর জায়গার বিমানবন্দর পুরোটাই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে। এর মধ্যে ১০ হাজার ২৫০ ফুট দৈর্ঘ্যের রানওয়েসহ সার্বিক নিরাপত্তার জন্য পেছনের প্রাচীর ঘেঁষে কোনো স্থাপনা না করতে কাঁটাতারও সাঁটানো। ধূপাগোল এলাকায় নিরাপত্তা প্রাচীর ঘেঁষে ব্যক্তিমালিকানাধীন জমি থাকার কারণে পাথর ভাঙার কল পরিচালিত হচ্ছে।বিমানবন্দর স্টেশন শাখার একজন কর্মকর্তা বলেন, ‘রানওয়ে থেকে দেখা যায় উত্তর দিকের সীমানাপ্রচীর ঘিরে ধূলিকণা উড়তে। একদিন আমি কৌতূহলবশত সেখানে গিয়েছিলাম। কিন্তু হাজার হাজার শ্রমিক আর ব্যবসায়ীর তৎপরতা দেখে ভয়ে কিছু না বলেই ফিরে এসেছি।’বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক হাফিজ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সীমানাপ্রাচীর ব্যবহার করে কোনো কিছু করা মানে তো নিরাপত্তা বিঘ্নিত হওয়া। প্রায়ই দেখা যায়, সীমানাপ্রাচীরে ঠেস দিয়ে পাথর রাখা হয়। তখন পুলিশ সরেজমিনে গিয়ে আপত্তি দিলে সাময়িক অপসারণ করা হয়, কিন্তু কিছুক্ষণ পর আগের অবস্থায় চলে আসে।’সিলেটের জেলা প্রশাসন জানায়, সিলেটে নীতিমালার আলোকে কোনো কল পরিচালিত না হওয়ায় প্রাথমিকভাবে সবগুলোই অবৈধ হিসেবে গণ্য করা হচ্ছে। ভোলাগঞ্জ ও উৎমা পাথর উত্তোলনস্থলকেন্দ্রিক পাথর ভাঙার কল রয়েছে পাঁচ শতাধিক। সিলেটের কোম্পানীগঞ্জ, ধূপাগোল, গোয়াইনঘাটের জাফলং ও সুনামগঞ্জের ছাতক উপজেলায় স্থাপিত হয়েছে এসব কল। পরিবেশ ও বন মন্ত্রণালয় প্রণীত নীতামালার আলোকে কোনো কল পরিচালিত না হওয়ায় বৈধতা দেওয়া হয়নি। এমনকি ব্যবসা পরিচালনার কোনো নিবন্ধনও নেই।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কোনো বৈধতা না থাকায় পাথর ভাঙার কলগুলোর বাণিজ্যিক ধরন অনেকটা অবাধ আকার ধারণ করেছে। সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের শুরুর অংশ বিমানবন্দরের নিরাপত্তা প্রাচীর ঘেঁষে শতাধিক কলের পাশাপাশি রয়েছে আরও ৫০টি কারখানার স্থাপনা। বিমানবন্দরের পেছনের এলাকা ঘুরে দেখা গেছে, কল স্থাপনের কোনো বৈধতা না পেলেও ‘ডাম্পিং ইয়ার্ড’ স্থাপন করে চলছে পাথর ভাঙার কাজ। ‘বিবিসি ইয়ার্ড’ নামে পরিচালিত ধূপাগোলের একটি স্থাপনায় গিয়ে দেখা যায়, ২৫টি ভ্রাম্যমাণ কলে পাথর ভাঙার কাজ চলছে। ভ্রাম্যমাণ কলগুলো ‘টমটম’ নামে পরিচালিত হচ্ছে। ভাঙা পাথর পরিবহনে পণ্যবাহী ট্রাক সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ঠায় দাঁড়িয়ে রয়েছে।ধূপাগোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে-পেছনে রয়েছে আরও সাতটি কল। এগুলোর ধূলিকণা বিদ্যালয়ে প্রবেশ করছে। একই অবস্থা ধূপাগোলে অবস্থিত খাদিমনগর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের। বিদ্যালয়ের শিক্ষক শাহ নূর রহমান জানান, এ অবস্থা চলতে থাকলে বিদ্যালয় ওই এলাকা থেকে স্থানান্তর করা ছাড়া কোনো উপায় থাকবে না।‘যাদুকাটা স্টোন ক্রাশার’ নামের কলের স্বত্বাধিকারী আবু তৈয়ব বলেন, ‘আমরা এক দিক ছাড়া বাকি সব দিক দিয়েই বৈধ আছি। জায়গা ভাড়া নিয়ে সব কল পরিচালিত হচ্ছে, শুধু লাইসেন্স পাচ্ছি না। লাইসেন্সের জন্য আবেদন করেছি। কিন্তু লাইসেন্স দেওয়া না হলে আমরা কী করব?’অনুমোদন না থাকায় পরিচালনার ক্ষেত্রেও নিয়মনীতি মানছে না কলগুলো—এ কথা জানিয়ে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক ফজলুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে জেলা প্রশাসন। প্রথমত, এগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। এই কাজ হয়ে গেলে আমরা দেখব কলগুলো নীতিমালা মেনে যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না। তখন পরিবেশের দিকটিও বিবেচনা করা হবে।’সিলেট জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল প্রথম আলোকে জানান, ‘জেলা প্রশাসনের অনুমতি-অনুমোদন ছাড়াই এগুলো পরিচালিত হচ্ছে। আমরা এখন এগুলোকে বৈধভাবে ব্যবসা পরিচালনার জন্য পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নীতমালার আওতায় আনতে নিবন্ধনের নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নির্দেশ অমান্য করলে কলগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’