অবৈধ কাঠ জব্দ না করার অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখায় একটি আসবাবপত্র তৈরির কারখানায় গতকাল মঙ্গলবার কর্তননিষিদ্ধ সেগুন কাঠ পেয়েও বন বিভাগের লোকজন তা জব্দ করেননি বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণভাগ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আজির উদ্দিনের একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানা আছে কলাজুরা বাজারে। প্রায় ২০ ঘনফুট সেগুন কাঠ গত সোমবার রাত ১১টার দিকে তিনটি ঠেলাগাড়িতে করে এনে ওই কারখানায় মজুদ করা হয়। এসব কাঠ পাশের জুড়ী-১ রেঞ্জের লাঠিটিলা সংরক্ষিত বন থেকে অবৈধভাবে কেটে আনা হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে বন বিভাগের পাঁচ-ছয়জনের একটি টহল দল ওই কারখানায় যায়। তারা সেখানে সেগুন কাঠ পেয়েও তা জব্দ না করে মালিকের লোকজনের সঙ্গে খোশ গল্পের পর দুপুর দুইটার দিকে চলে যায়। অভিযানে নেতৃত্বে থাকা কুলাউড়া কার্যালয়ের বন কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহ বলেন, সেখানে এক ঘনফুট সেগুন কাঠ ছিল। অবৈধ কাঠ সেখানে মজুদ ছিল না বলে তিনি দাবি করেন। ইউপি সদস্য আজির উদ্দিন অবৈধভাবে কাঠ মজুদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কারখানায় প্রায় পাঁচ ঘনফুট সেগুন কাঠ দিয়ে তৈরি একটি খাট ছিল।’