অবৈধ কারখানা সিলগালা, ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা, আসাদগঞ্জ ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় আজ সোমবার অবৈধ দুটি কারখানা সিলগালা ও ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।
নগরের আন্দরকিল্লা ও আসাদগঞ্জ আজকের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে র্যাব-৭, বিএসটিআই ও পরিবেশ অধিদপ্তর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধভাবে পলিথিন উৎপাদন করায় আন্দরকিল্লার রহমতগঞ্জ এলাকার মডার্ন পলি ফ্যাক্টরি ও আসাদগঞ্জ এলাকায় অনুমোদনহীনভাবে ট্যানারি স্থাপনের কারণে তালহা এন্টারপ্রাইজকে সিলগালা করে দেওয়া হয়েছে। এ ছাড়া তালহা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে অনুমোদনহীন খাদ্যদ্রব্য আমদানি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের দায়ে আলিফ ট্রেডিং ও এ জেড ট্রেডার্সকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা হয়েছে। ঢেউটিনে নকল লোগো ব্যবহার করায় রয়েল এন্টারপ্রাইজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে প্লাস্টিকজাত দ্রব্য তৈরি করায় এসবি ট্রেডার্স, জালাল প্লাস্টিক ফ্যাক্টরি, এস এম প্লাস্টিক এন্টারপ্রাইজ ও এস এম ট্রেডার্সকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের আরও তিনটি ভ্রাম্যমাণ আদালত নগরের রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে চারটি আড়ত ও একটি দোকানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন। ক্রেতাদের পণ্য বিক্রির রসিদ না দেওয়ায় সাত ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ব্যবসায়ী সমিতির নেতারা মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, আজ সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, হাবিবুল হাসান ও তাহমিলুর রহমান। অভিযানে মুক্তা এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা, আলী আহাম্মেদ ট্রেডার্সকে ১৫ হাজার টাকা, মেম্বার বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা, সাভার বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা ও একটি ভাসমান দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।