অবৈধ কারখানার সন্ধান ২ লাখ টাকা জরিমানা
ভ্রাম্যমাণ আদালত পাবনার ঈশ্বরদী শহরের নূর মহল্লায় গত শনিবার দুপুরে একটি অবৈধ কারখানায় নকল ও ভেজাল সামগ্রী উৎপাদনের অভিযোগে কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন।
এ সময় বিপুল পরিমাণ নকল ও ভেজাল পণ্যসামগ্রী উদ্ধার করে সেগুলো পুড়িয়ে ফেলা হয়।
পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা (বিএসটিআই) সূত্র জানায়, ঈশ্বরদী শহরের সাহাবুদ্দিন মল্লিক ওরফে নান্নু বিহারির একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন করে আসছিলেন কারখানার মালিক শফিকুর রহমান। তিনি ফরিদপুরের সালথার বাসিন্দা।
বিএসটিআইয়ের পরিচালক এ বি এম মুর্তজা হোসেন শাহ বলেন, পণ্যের মান যাচাই করতে এসে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই কারখানায় অভিযান চালানো হয়। বিএসটিআই ও ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় প্রবেশ করে জানতে পারেন, বিএসটিআইয়ের নকল মোড়ক ব্যবহার করে এখানে সোনামণি সয়াবিন তেল, বনফুলের মোড়কে লাচ্চা সেমাই, এনার্জি ড্রিংক, ফ্রুট সিরাপ, লজেন্স, যৌন উত্তেজক তরল ওষুধসহ বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদন করা হয়। কারখানায় এ সময় বিপুল পরিমাণ পণ্যসামগ্রী পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সময় মালিককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বিএসটিআই অধ্যাদেশ ১৯৮৫-এর ৩০ ও ৩১ ধারা লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে তাৎক্ষণিক দুই লাখ টাকা জরিমানা করেন। পরে নকল ও ভেজাল পণ্যসামগ্রী নষ্ট করে সাত দিনের মধ্যে কারখানায় অন্য কোনো অবৈধ সামগ্রী থাকলে সরিয়ে ফেলার নির্দেশ দেন।