অবৈধ কার্যালয়ে নির্বাচনী প্রচারকেন্দ্র!
রাজধানীর কুড়িল চৌরাস্তায় উড়ালসড়কের নিচে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠেছে রাজনৈতিক সংগঠনের কার্যালয়, দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা। এতে সংকুচিত হয়ে পড়ছে রাস্তার প্রশস্ততা। দুর্ভোগে পড়তে হচ্ছে পথচারীদের, আর যানজট তো রয়েছেই।
এর সঙ্গে যুক্ত হচ্ছে সিটি করপোরেশন নির্বাচনে রাজনৈতিক সংগঠনগুলোর কার্যালয়ে নির্বাচনী প্রচার।
একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আবদুর জলিল। থাকেন খিলক্ষেতে। জানালেন, সিটি করপোরেশন নির্বাচন হচ্ছে ভালো কথা। কিন্তু এর প্রচার-প্রচারণা যদি পরিবেশের ক্ষতি করে বা যানজট সৃষ্টি করে, তাহলে ভালো দেখায় না। সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
শুধু আবদুর জলিল নন, গত রোববার সেখানে গিয়ে কথা হয় আরও কয়েকজনের সঙ্গে। সবাই জানালেন দুর্ভোগের কথা।
কুড়িল চৌরাস্তায় আছে ১৭ নম্বর ওয়ার্ডের শ্রমিক লীগের প্রধান কার্যালয়। প্রায় এক কিলোমিটার দূরে খিলক্ষেত এলাকায় ফুটপাত দখল করে নির্মাণ করা হচ্ছে যুবলীগ ও জাতীয় পার্টির আরও দুটি কার্যালয়।
কুড়িল শ্রমিক লীগ কার্যালয়ের ওয়ার্ড সাধারণ সম্পাদক ওমর গণি ভান্ডারি প্রথম আলোকে, ‘মূল রাস্তায় তো কার্যালয় করি নাই। আমরা বেআইনি কাজ করি না। এখানে কার্যালয়টি করা হয়েছে প্রধানমন্ত্রী যাওয়ার সময় দেখবেন বলে। আরও একটি নির্বাচনী কার্যালয় করা হবে। সমস্যা নাই।’
ওই কার্যালয়ের আশপাশে আরও অনেক স্থাপনা। উড়ালসড়কের ওপর থেকে মনে হবে, বাঁশের বাজার। বাঁশ ছাড়াও রয়েছে চা-সিগারেট, মনিহারিসহ ২৫টির মতো দোকানঘর।
স্থানীয় কয়েকজন দোকানির সঙ্গে কথা বলে জানা গেল, বাঁশের বাজার, দোকানঘর সবই নিয়ন্ত্রণ করছে শ্রমিক লীগের এ কার্যালয়টি।
ওই দোকানের পেছন দিকটায় বড় রাস্তার পাশেই টিনশেডের একটি বড় ঘর। সেখানে সাইনবোর্ডে লেখা, ‘দুনিয়ার মজদুর এক হও। বাংলার মেহনতি মানুষ এক হও। প্রধান কার্যালয়। ১৭ নম্বর ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগ।’
ভেতরে ঢুকতেই দেখা গেল দুজন লোক বসে আছেন। একজন মুঠোফোনে গেম খেলছেন। অন্যজন ব্যস্ত কথা বলায়।
শ্রমিক লীগ কার্যালয়ের পেছনে গিয়ে দেখা গেল, বিশাল গর্ত। ভেতরে শত শত বাঁশ। পাশে রেললাইন। জানা গেল, রাজধানীর অন্যতম প্রধান একটি খাল কুড়াতলীর অংশ এটি। এখানে একসময় পানির প্রবাহ ছিল। এখন বাঁশ ছাড়াও নানা ধরনের মালামাল রাখায় সব ঢেকে গেছে।
শুকনো খালটির সামনে বড় বড় বাঁশের অন্তত ১৫টি গদি। সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য বাঁশ। আরও আছে কাঠ, বাঁশের তৈরি বেড়া, চাটাই। একটি গদিতে লেখা—মেসার্স শহীদ এন্টারপ্রাইজ। স্বত্বাধিকারী মো. শহিদুল ইসলাম জানতে চাইলেন, কী বাঁশ দরকার, কতগুলো? পেছনে মজুত আছে।
খোঁজ নিয়ে জানা গেল, ছোট দোকানঘর থেকে দৈনিক ১৫০ টাকা চাঁদা নেওয়া হয়। এরপর জায়গা বুঝে ২০০, ২৫০, ৩০০, ৩৫০ টাকা পর্যন্ত দিতে হয়।
ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘না না, চাঁদা নিই না। তবে এখানে দু-চারটি দোকান করেছি। সেগুলোর ভাড়া হিসেবে যদি টাকা নেওয়া হয়, তাহলে কি তাকে চাঁদা বলা উচিত?’
রাজউক বা সিটি করপোরেশনের অনুমতি নিয়ে এসব স্থাপনা করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তো খারাপ কাজ করছি না।’
রাজউকের পূর্বাচল প্রকল্পের পরিচালক আবদুল আওয়াল জানান, রাজউক এসব দোকানের অনুমোদন দেয়নি। সব দোকানঘরই অবৈধ। রাজউক এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আগে একবার উচ্ছেদ করার পর আবার বসে গেছে। আবার উচ্ছেদ করা হবে।’
উড়ালসড়কের নিচে অবৈধ স্থাপনা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে চলাচলকারী যানবাহন ও পথচারীদের সমস্যার কথা জানান কুড়িল, খিলক্ষেত ও বসুন্ধরার কয়েকজন বাসিন্দা। সমস্যায় পড়ছেন এসব এলাকার বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। খাল বন্ধ করে বাঁশসহ বিভিন্ন মালামালের কারণে পরিবেশেরও ক্ষতি হচ্ছে।