অবৈধ ক্লিনিকে অভিযান চলবেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অবৈধ ক্লিনিক ও রোগ নির্ণয় কেন্দ্র বন্ধে অভিযান চলবে। এগুলোর মালিক যে-ই হোন না কেন, তাতে অভিযান থেমে থাকবে না। গতকাল বুধবার সোসাইটি অফ নিউরোলজিস্টস অব বাংলাদেশ এর সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মো. নাসিম বলেন, ‘আমি আশ্চর্য হয়ে যাই মোহনার মতো ক্লিনিক আছে। একজন চিকিৎসক কীভাবে বলেন, তিনি জানতেন না হাসপাতাল চালাতে অনুমোদন লাগে? এই মোহনা ক্লিনিকের অবহেলার কারণে আমার ঘনিষ্ঠ বন্ধু জগলুল আহমেদ চৌধুরীকে মৃত্যুবরণ করতে হলো।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মোহনার কথা জানার পর তিনি স্বাস্থ্যসচিব অধিদপ্তরের মহাপরিচালককে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, ক্লিনিকের মালিক যে-ই হোন না কেন তিনি পরোয়া করেন না, কাউকে ভয় পান না।
সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীকে গুরুতর আহত অবস্থায় প্রথম রাজধানীর মোহনা ক্লিনিকে নেওয়া হয়। গত সোমবার স্বাস্থ্যমন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোশাররফ হোসেন ও অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) এ বি এম আবদুল হান্নান মোহনা ক্লিনিকে গিয়ে লাইসেন্স দেখতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ লাইসেন্স দেখাতে ব্যর্থ হয়। তখনই ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেয় সরকার। ওই ক্লিনিকটির সঙ্গে সরকার দলীয় চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব এম ইকবাল আর্সলানসহ ২৩০ জন জড়িত আছেন।
সোসাইটি অব নিউরোলোজিস্টস অব বাংলাদেশ এর দুদিনব্যাপী সম্মেলন শুরু: আজ বুধবার সোসাইটি অব নিউরোলোজিস্টস অব বাংলাদেশের সম্মেলন শুরু হয়েছে। মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও ওমান থেকে খ্যাতনামা চিকিৎসকেরা সম্মেলন উপলক্ষে ঢাকায় অবস্থান করছেন।
জাতীয় নিউরোসায়েন্স ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বিদেশী অতিথিদের পরিচয় করিয়ে দেন। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ভারতের ইন্টারভেনশনাল নিউরোলোজিস্ট মো. শাকির হুসেইনকে। গত ১৫ বছর ধরে তিনি বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন। শাকির আরও তিন/চারদিন বাংলাদেশে থাকবেন ও রোগীদের চিকিৎসা দেবেন।