অবৈধ ক্লিনিকে ধাত্রীর হাতে নবজাতকের মৃত্যু
বগুড়ার ধুনটে অবৈধ একটি ক্লিনিকে গত শনিবার এক প্রসূতির সন্তান প্রসব করাতে গিয়ে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা বিভাগে পরিবারকল্যাণ সহযোগী হিসেবে চাকরি করেন রেজিয়া খাতুন। ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামে তাঁর নিজ বাসভবনে এক বছর ধরে ‘রুমা’ নামে একটি ক্লিনিক গড়ে তুলেছেন। এর জন্য স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন নেওয়া হয়নি। কথিত ওই ক্লিনিকে তিনি নারীদের নানা ধরনের জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়—এই মর্মে একটি সাইনবোর্ড ঝুলিয়েছেন।গত শুক্রবার রাতে আনারপুর গ্রামের আবেদ আলীর স্ত্রী মালেকা খাতুনের প্রসববেদনা ওঠে। শনিবার ভোরে তাঁকে ‘রুমা ক্লিনিকে’ আনা হয়। সকাল আটটার দিকে বাচ্চা প্রসব করাতে গিয়ে অক্সিজেনের অভাবে নবজাতকের মৃত্যু হয়। পরে রেজিয়া খাতুন তাঁর স্বামী ইউনুস আলীর মাধ্যমে সকাল নয়টায় নবজাতকের মরদেহ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী মাহমুদুল হাসান নবজাতকের মৃত্যু হয়েছে বলে জানান। চিকিৎসা সহকারী মাহমুদুল হাসান বলেন, ‘সকাল নয়টার দিকে তাঁরা আমার কাছে সদ্যপ্রসূত মৃত একটি ছেলে নিয়ে আসেন। আমি তাঁদের জিজ্ঞাসাবাদ করার সময় কোনো সদুত্তর না দিয়ে তাঁরা বাচ্চাটি নিয়ে পালিয়ে যান।’ মালেকা খাতুন বলেন, ‘প্রসববেদনার সময় আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফিরে দেখি আমার বাচ্চা মারা গেছে। আমি গরিব মানুষ। আমার অভিযোগ কে শুনবে!’ রুমা ক্লিনিকের মালিক রেজিয়া খাতুন বলেন, ‘আমি সরকারিভাবে ১৮ মাস ধাত্রী হিসেবে প্রশিক্ষণ নিয়েছি। এ কারণে আমি বাড়িতে ক্লিনিক করে প্রসূতিদের চিকিৎসাসেবা দিই। অনেক সময় বাচ্চা মায়ের গর্ভেই মারা যায়। এখানে সেই ধরনের ঘটনা ঘটেছে।’ ক্লিনিকের কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি। উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা হাসান আলী বলেন, ‘রেজিয়া খাতুন আমার বিভাগের পরিবার কল্যাণ সহযোগী হিসেবে চালাপাড়া গ্রামের প্রসূতি মায়েদের সেবার দায়িত্বে আছেন। তবে তাঁর বাড়িতে ক্লিনিক করে কাউকে চিকিৎসা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। ঘটনা তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’