অবৈধ ক্লিনিকে রোগীর মৃত্যু হামলা-ভাঙচুর
কুষ্টিয়া সদর উপজেলার লাহিনী বটতলা এলাকায় অবস্থিত শেখ সিরাজ উদ্দিন ক্লিনিকে চাঁদ আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তাঁর স্বজনেরা ভাঙচুর চালিয়ে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হার্নিয়া অস্ত্রোপচারের জন্য চাঁদ আলী ওই ক্লিনিকে ভর্তি হন। রাতে রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিকের পরিচালক আলতাফ হোসেন মোল্লা ও আলম হোসেন মুঠোফোনে ইকবাল হোসেন নামের এক চিকিৎসককে ক্লিনিকে ডেকে নিয়ে আসেন। চিকিৎসক রাত তিনটার দিকে চাঁদ আলীকে অস্ত্রোপচারকক্ষে নেন। প্রায় দুই ঘণ্টা পর জানানো হয় চাঁদ আলীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। তাৎক্ষণিকভাবে চাঁদ আলীর স্বজনেরা তাঁকে নিয়ে ওই হাসপাতালের উদ্দেশে রওনা দেন। পথে চাঁদ আলী মারা যান।
এ খবর জানতে পেরে চাঁদ আলীর স্বজনেরা গতকাল সকাল ১০টার দিকে সিরাজ উদ্দিন ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং ক্লিনিকের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।