সোসাইটি অব নিউরোলজিস্টের সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী
অবৈধ ক্লিনিকের মালিক যে-ই হোন অভিযান চলবে
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, অবৈধ ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্র বন্ধে অভিযান চলবে। এগুলোর মালিক যে-ই হোন না কেন, তাতে অভিযান থেমে থাকবে না। গতকাল বুধবার সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের সম্মেলনে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আশ্চর্য হয়ে যাই, মোহনার মতো ক্লিনিক আছে। একজন চিকিৎসক কীভাবে বলেন তিনি জানতেন না হাসপাতাল চালাতে অনুমোদন লাগে? এই মোহনা ক্লিনিকের অবহেলার কারণে আমার ঘনিষ্ঠ বন্ধু জগ্লুল আহ্মেদ চৌধূরীকে মৃত্যুবরণ করতে হলো।’ তিনি বলেন, মোহনার কথা জানার পর তিনি কর্তৃপক্ষকে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ক্লিনিকের মালিক যে-ই হোন না কেন, তিনি পরোয়া করেন না, কাউকে ভয় পান না।
গত সোমবার ক্লিনিকটি বন্ধের নির্দেশ দেয় সরকার।
গতকাল শুরু হওয়া সোসাইটি অব নিউরোলজিস্টস অব বাংলাদেশের দুই দিনব্যাপী সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া, ভারত, পাকিস্তান ও ওমান থেকে আসা খ্যাতনামা চিকিৎসকেরা এখন ঢাকায় অবস্থান করছেন।
জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক কাজী দীন মোহাম্মদ বিদেশি অতিথিদের পরিচয় করিয়ে দেন। তিনি বিশেষভাবে ধন্যবাদ জানান ভারতের ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট মো. শাকির হুসেইনকে। ১৫ বছর ধরে তিনি বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণ দিচ্ছেন।