অবৈধ গর্ভপাতের অভিযোগে এক ধাত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে গর্ভপাত করানোর অভিযোগে পাঁচলাইশ থানার পুলিশ নগরের শুলকবহর এলাকা থেকে গতকাল রোববার দুপুরে এক ধাত্রীকে গ্রেপ্তার করেছে। পুলিশের অভিযোগ, ধাত্রীবিদ্যায় কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে ইয়াসমিন বেগম (৪৫) নামের ওই নারী নিজের বাসায় ১০ বছর ধরে কম খরচে নারীদের গর্ভপাত করিয়ে আসছিলেন।ইয়াসমিন বেগম চাঁদপুরের কচুয়া থানা এলাকার শামীম সিকদারের স্ত্রী। নগরের আল মাদানি রোডের আল কাহান ভিলায় তিনি বাস করেন। ওই বাসায় তিনি ‘গর্ভপাত কেন্দ্র’ খুলে বসেন বলে পুলিশের অভিযোগ। তাঁকে ২০০৫ সালে কোতোয়ালি থানায় দায়ের করা একটি নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, ‘পুরোনো একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি তিনি। দীর্ঘদিন ধরে তিনি অবৈধ গর্ভপাত করার কাজ করে আসছিলেন। তাঁর কোনো সনদপত্র নেই। প্রশিক্ষণও নেই। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। যদি এটা প্রমাণিত হয়, তাহলে আরও একটি মামলা হবে।’ তবে তাঁর কাছে সনদ রয়েছে বলে দাবি করেছেন ইয়াসমিন বেগম। তিনি দাবি করেন, তিনি একটি বেসরকারি সেন্টার থেকে প্রশিক্ষণ নিয়ে ১০ বছর ধরে এই কাজ করছেন।