অবৈধ গর্ভপাতের পর জানা গেল ভ্রূণটি মেয়ে
মানিকগঞ্জের একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে অবৈধভাবে এক প্রসূতির গর্ভপাত করিয়েছেন সদর হাসপাতালের এক চিকিৎসক। প্রায় পাঁচ মাস বয়সের ভ্রূণটি ছিল মেয়েশিশুর।
বাংলাদেশের গর্ভপাত আইন (১৮৬০-এর ব্রিটিশ পেনাল কোড) অনুযায়ী, অন্তঃসত্ত্বার জীবন বাঁচানো ছাড়া অন্য কোনো কারণে গর্ভপাত নিষিদ্ধ।
এ ছাড়া দণ্ডবিধির ৩১২ ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে গর্ভবতী স্ত্রীলোকের গর্ভপাত ঘটান এবং যদি সেই গর্ভপাত সরল বিশ্বাসে ওই স্ত্রীলোকের জীবন বাঁচানোর উদ্দেশ্যে না করা হয়ে থাকে, তবে সেই ব্যক্তি তিন বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
সিঙ্গাইর উপজেলার বাইমাইল গ্রামের দেওয়ান জহিরুল প্রথম আলোকে জানান, দুই ছেলে হওয়ার পর তাঁরা চেয়েছিলেন, একটি মেয়ে হোক। সদর হাসপাতালের গাইনি বিভাগের চিকিৎসক কৃষ্ণা রায়ের পরামর্শে ১০ অক্টোবর মানিকগঞ্জ শহরের সুপার ডায়াগনস্টিক সেন্টারে তাঁর স্ত্রীর (২৮) আলট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষার সময় চিকিৎসক সেলিম চৌধুরী জানান, তাঁদের একটি ছেলে হবে। এরপর ২৬ অক্টোবর জেলা শহরের ওয়্যারলেসগেট এলাকায় শাপলা মেডিকেল সেন্টারে তাঁর স্ত্রীর গর্ভপাত ঘটান চিকিৎসক কৃষ্ণা রায়।
কিন্তু গর্ভপাত করানোর পর দেখা যায়, ভ্রূণটি মেয়েশিশুর। ওই দিন রাতেই তাঁরা বাড়ি চলে যান।
আলট্রাসনোগ্রাম করা চিকিৎসকের বিরুদ্ধে ভুলের অভিযোগ এনে ওই দম্পতি ও তাঁদের আত্মীয়স্বজনেরা গতকাল বুধবার দুপুরে সুপার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে হট্টগোল করেন। কোনো চিকিৎসক না থাকায় পরে তাঁরা বাড়ি চলে যান।
এ ব্যাপারে চিকিৎসক সেলিম চৌধুরী প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি ঠিকভাবেই আলট্রাসনোগ্রাম করেছিলেন। তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন, ওই অন্তঃসত্ত্বার গর্ভে ছেলেশিশুর ভ্রূণই ছিল।
তবে চিকিৎসক কৃষ্ণা রায় বলেন, ওই নারীর গর্ভে মেয়েশিশুর ভ্রূণই ছিল। ভুল আলট্রাসনোগ্রামের কারণে ওই দম্পতি আর ছেলেসন্তান নেবেন না বলে আকুতি-মিনতি করায় তিনি প্রায় পাঁচ মাসের ভ্রূণটি অপসারণ করেন।
যোগাযোগ করা হলে সিভিল সার্জন সিদ্ধেশ্বর মজুমদার প্রথম আলোকে বলেন, কেবল ওই দম্পতিই নন, চিকিৎসক কৃষ্ণা রায়ও অপরাধী। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পেলে ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।