অবৈধ গ্যাসলাইন বিস্ফোরণ, দগ্ধ ৩
ঢাকার আশুলিয়ার দোসাইদ এলাকার অবৈধ গ্যাসলাইন বিস্ফোরিত হয়ে তিনজন দগ্ধ হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আপন (২৫), কামাল হোসেন (৩০) ও আনোয়ারুল ইসলাম (২৬)। আহত ব্যক্তিরা ওই এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক।
কামাল ও আনোয়ারুল ঢাকা মেডিকেল কলেজ চিকিৎসাধীন রয়েছে। আর আপন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দুর্ঘটনায় আহত আপন প্রথম আলোকে বলেন, সোমবার রাত সোয়া নয়টার দিকে তাঁরা তিনজন রাতের খাবার শেষে কারখানার সামনে একটি দোকানে যান। দোকানের সামনে ধূমপান শেষে সিগারেটের অবশিষ্ট অংশ ফেলার পরপরই বিকট শব্দে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে প্রথমে সাভারের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহত অন্য দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
তিতাস সাভার কার্যালয়ের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষ বলেন, অবৈধ লাইন বিস্ফোরিত হয়ে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। নিম্নমানের সামগ্রী দিয়ে সংযোগ দেওয়ার কারণে গ্যাস বের হয়ে ওই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আশুলিয়া ইউনিয়নের দোসাইদসহ পাশের ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালি, তাজপুর, গোড়াট ও গুমাইল এলাকায় অভিযান চালিয়ে ৯০০ ফুট অবৈধ লাইন অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।