অবৈধ গ্যাস-সংযোগ কর্মচারীরা জড়িত
নরসিংদীতে তিতাস গ্যাসের অবৈধ বিতরণ লাইন ও সংযোগের হার বেড়ে গেছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। এ ঘটনায় কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদার জড়িত বলে জানা গেছে। কর্তৃপক্ষ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অনেকে অভিযোগ করেছেন। সম্প্রতি প্রথম আলোর অনুসন্ধান ও গত সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সভায় অবৈধ গ্যাসসংযোগের বিস্তৃতি ও প্রতিকার নিয়ে আলোচনার সময় এসব তথ্য বেরিয়ে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, নরসিংদী সদর ও পলাশ উপজেলার বিভিন্ন এলাকায় ১১টি অবৈধ বিতরণ লাইন স্থাপন করা হয়েছে। এসব বিতরণ লাইন থেকে কয়েক হাজার গ্রাহক অবৈধভাবে সংযোগ নিয়ে সেবা গ্রহণ করেছেন। এসব গ্রাহক আবাসিক বাড়ি থেকে শিল্পকারখানায়ও সংযোগ নিয়েছেন। সংযোগের জন্য তাঁরা কোনো টাকা দিচ্ছেন না। এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, তিতাস গ্যাস নরসিংদী কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা, কর্মচারীর প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশে কিছু অবৈধ ঠিকাদার এসব সংযোগ দিচ্ছেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার জানান, তিতাস গ্যাস কার্যালয়ে কর্মরত সাত-আটজন কর্মকর্তা-কর্মচারী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিকাদারির সঙ্গে সম্পৃক্ত। তাঁরা নিজেরা ঠিকাদারের লাইন্সেসে নিজস্ব প্যাড ব্যবহার করে কাজ নেন। কিছু বললে ঠিকাদারের ফাইল আটকে দেন। ঠিকাদারদের একটি সংযোগ নিতে সময় লাগে দুই মাস, তাঁদের লাগে সর্বোচ্চ দুই সপ্তাহ। তাঁরা যেসব কাজ করেন সেসব কাজ দ্রুত হয়। তাই গ্রাহকেরা ঠিকাদারদের বাদ দিয়ে অধিকাংশ সময় তাঁদের দারস্থ হন।
ঠিকাদারেরা আরও জানান, অনেক সময় অফিসের এসব কর্মকর্তা-কর্মচারী নামধারী ঠিকাদারেরা বাইরের অনভিজ্ঞ মিস্ত্রি দিয়ে অবৈধ সংযোগের ব্যবস্থা করে দেন। টাকা হলেই এখন গ্যাসের সংযোগ পাওয়া যায়, সেটা বৈধ হোক বা অবৈধ হোক।
নরসিংদী তিতাস গ্যাস লিমিটিডের উপমহাব্যবস্থাপক শেখ আবু রায়হান জানান, অবৈধ বিতরণ লাইন ও সংযোগের তালিকা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ওবায়দুল আজম জানান, এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে জেলা প্রশাসন থেকে তিতাস গ্যাসের কর্তৃপক্ষকে একাধিকবার তাগাদা দেওয়া হয়েছে। সর্বশেষ অবৈধ সংযোগের বিস্তৃতি ও প্রতিকার নিয়ে গত সোমবার একটি সভায় অবৈধ সংযোগ দাতা ও গ্রহীতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।