অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে নির্বাহী হাকিমসহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন এলাকাবাসী। তাঁরা জব্দ করা ৯৫টি গ্যাসপাইপ ছিনিয়ে নেন। গতকাল সোমবার গাজীপুর সদর উপজেলার পুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, তিতাসের এক ঠিকাদার সাবেক পুবাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের মাধ্যমে পুবাইলের কয়েক শ বাড়িতে অবৈধভাবে গ্যাস-সংযোগ দিয়েছেন। অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করতে গতকাল গাজীপুরের নির্বাহী হাকিম, তিতাসের কর্মকর্তা ও পুলিশের সদস্যরা পুবাইলের হারবাইদ বাজার এলাকায় অভিযান চালান। তাঁরা সেখানকার একটি মাদ্রাসার মাঠ থেকে ছয় ইঞ্চি চওড়া ও ২০ ফুট লম্বা ৯৫টি পাইপ জব্দ করে একটি ট্রাকে তোলেন। এ সময় বিলুপ্ত পুবাইল ইউপির সাবেক সদস্য মহর আলী, আফজাল মিয়া ও মো. সালামের নেতৃত্বে পাঁচ শতাধিক লোক লাঠিসোঁটা নিয়ে ওই কর্মকর্তাদের ঘিরে ফেলেন। তাঁরা ইট ও গাছের গুঁড়ি ফেলে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে ট্রাকচালককে মারধর করে জব্দ করা গ্যাসপাইপ ছিনিয়ে নেন। পরে বিষয়টি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। প্রায় দুই ঘণ্টা পর বেলা তিনটার দিকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন।
তিতাস গ্যাসের টঙ্গী অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী শিবারুল ইসলাম জানান, পুবাইল এলাকাসহ আরও কয়েকটি এলাকায় অবৈধ গ্যাসের লাইনের খবর তাঁদের কাছে রয়েছে। পরে সব এলাকায় অভিযান চালানো হবে।
পুবাইল এলাকার সাইফুল ইসলাম অভিযোগ করেন, অবৈধভাবে গ্যাসের লাইন নেওয়ার জন্য তিতাসের ঠিকাদার মো. টিটু মিয়া তাঁর সহযোগী মহর আলী, আফজাল মিয়া ও মো. সালামের মাধ্যমে লোকজনের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে অপর এক গ্রামবাসী জানান, এলাকায় আগেই খবর আসে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযানে আসবে। তাই গ্যাস-সংযোগ দেওয়ার কথা বলে টাকা নেওয়া ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে গ্রামবাসীদের জড়ো করে রাখেন এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের ঘেরাও করে রাখার পরিকল্পনা করেন।
অভিযান পরিচালনাকারী গাজীপুরের নির্বাহী হাকিম বিজেন ব্যানার্জি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অবৈধ গ্যাস-সংযোগ দেওয়ার ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও মো. টিটুর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।