অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান রোববার থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী রোববার থেকে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হচ্ছে। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জ্বালানিসচিব মো. মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বলা হয়, যাঁরা অবৈধভাবে গ্যাস-সংযোগ নিয়েছেন, তাঁরা নিজেদের উদ্যোগে রোববারের আগে তা বিচ্ছিন্ন করতে পারেন। অবৈধভাবে বসানো বিতরণ লাইনও এই সময়ের মধ্যে তুলে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের সময় দেওয়া হচ্ছে। এরপর রোববার থেকে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে ও তত্ত্বাবধানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার এবং অবৈধ লাইন তুলে ফেলার কার্যক্রম শুরু করা হবে।
জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওয়াদ ইসলাম বলেন, তিতাসের পক্ষ থেকে আগে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং বিতরণ লাইন অপসারণের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে তা সফল হয়নি। এ বিষয়ে প্রতিবেদন উত্থাপনের পর মন্ত্রণালয় সরাসরি বিষয়টি পরিচালনা করবে বলে সিদ্ধান্ত হয়েছে।