অবৈধ গ্যাস-সংযোগকালে গাড়িসহ সরঞ্জাম জব্দ
সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় অবৈধভাবে গ্যাস-সংযোগকালে গ্যাস পাইপ, ব্যবহারকারী গাড়ি ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে স্থানীয় লোকজন। বিক্ষুব্ধ জনতা এ সময় বেলায়েত হোসেন নামে এক পাইপ মিস্ত্রিকেও আটক করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। গতকাল বেলা একটার দিকে স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে জব্দকৃত গাড়িসহ সরঞ্জামাদি তাঁর জিন্মায় ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সেহরির পর সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ছফিরিয়া মাদ্রাসাসংলগ্ন ফজু হাবিলদারের বাড়ি থেকে দায়া (নতুন) বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগের কাজ শুরু করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কয়েকজন মিস্ত্রি। তাঁরা রাস্তা কেটে পাইপ বসানোর সময় স্থানীয় লোকজন বেলায়েত হোসেন নামে এক মিস্ত্রি আটক এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত স্টিকার লাগানো গাড়ি, বেশ কয়েকটি পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দপ্তরে জানানোর পর বেলা একটার দিকে স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ ঘটনাস্থলে গেলে তাঁকে জব্দকৃত মালামাল বুঝিয়ে দেওয়া হয়। অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার কথা স্বীকার করে আটককৃত বেলায়েত হোসেন বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ঠিকাদার ইকবাল হোসেন তাঁদের গ্যাস সংযোগ দেওয়ার জন্য পাঠিয়েছেন। তাঁকে পাঠানোর কথা অস্বীকার করে ইকবাল হোসেন বলেন, ‘এরা অন্য ঠিকাদারের লোক। নিজেরা বাঁচার জন্য আমার নাম ব্যবহার করেছে। আমাদের কোম্পানির গ্যাস সংযোগ এখন বন্ধ রয়েছে। কাজ শুরু হবে চলতি মাসের ১৫-১৬ তারিখের পর থেকে।’স্থানীয় চেয়ারম্যান সালাউদ্দীন আজিজ বলেন, ‘ঠিকাদারেরা রাতের অন্ধকারে অবৈধভাবে গ্যাস দিচ্ছে। আমরা কাউকে রাস্তা কাটা কিংবা সংযোগের অনুমতি দিইনি।’ এ ব্যাপারে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক চৌধুরী আহসান হাবিবের মুঠোফোনে চেষ্টা করে, খুদে বার্তা পাঠিয়েও যোগাযোগ করতে না পারায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এদিকে ছলিমপুর ইউপি সদস্য আশ্রাফুল আলম ও নিজাম উদ্দীনসহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, কেউ কেউ দুই লাখ, কেউ দেড় লাখ টাকা জমা দেওয়ার পরও পাইপ সংকটসহ বিভিন্ন অজুহাত দেখিয়ে গ্যাস সংযোগ দিচ্ছে না। অথচ সবার অজান্তে রাতের অন্ধকারে এভাবে পাইপ লাগিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ দিচ্ছে, অন্যদিকে বৈধ গ্রাহকদের হয়রানি করছে।