অবৈধ গ্যাস সংযোগের চেষ্টা, দুজনের কারাদণ্ড
কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় দুই ব্যক্তিকে তিন দিনের দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্যাসলাইন সংযোগের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়।
আজ রোববার বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে দাউদকান্দির সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম মাহফুজুর রহমান এ আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া দুই ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জ বন্দর এলাকার বাসিন্দা হারুন অর রশিদ (২৪) ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর সদরের বাসিন্দা মো. হাছান (২৫)। তাঁদের তিন দিনের কারাদণ্ডাদেশ দিয়ে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী কমল কুমার ঘোষ, সহকারী কর্মকর্তা সৈয়দ লুৎফুল কাদের হেলাল ও দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক প্রদীপ কুমার সাহা।
কমল কুমার ঘোষ বলেন, এ অবৈধ গ্যাসলাইন সংযোগটি দিতে পারলে দুই কিলোমিটার এলাকার প্রায় তিন শ গ্রাহক অবৈধ গ্যাসের চুলা পেত।