অবৈধ গ্যাস-সংযোগের তথ্য পেয়েছে তদন্ত কমিটি
সরকার নতুন গ্যাস-সংযোগ বন্ধ ঘোষণার পর দুটি বিতরণ কোম্পানি অবৈধভাবে প্রায় সাড়ে চার হাজার আবাসিক সংযোগ দিয়েছে। বেশ কিছু শিল্প ও বাণিজ্যিক সংযোগও অবৈধভাবে দেওয়া হয়েছে। এসব সংযোগ দিতে সরকারের নীতিনির্ধারক ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সুপারিশ ছিল। হাইকোর্টের নির্দেশে অবৈধ সংযোগ দেওয়ার বিষয় তদন্তের জন্য গঠিত কমিটি এসব তথ্য পেয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ওই কমিটি গঠন করা হয়। কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে।সরকার বন্ধ ঘোষণার পর ৫৭ হাজার ৪১৪টি চুলায় নতুন সংযোগ পাওয়া যে গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিল জমা দিচ্ছেন, তাঁরা ওই কমিটির তদন্তের আওতাভুক্ত নন। এ ছাড়া পেট্রোবাংলার হিসাব অনুযায়ী আরও যে প্রায় ৬০ হাজার চোরাই সংযোগ রয়েছে, যাঁরা বিল না দিয়েই গ্যাস ব্যবহার করছেন, তাঁরাও ওই কমিটির তদন্তের আওতাধীন নন।সরকারিভাবে সংযোগ বন্ধ থাকা অবস্থায় ঢাকাভিত্তিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং চট্টগ্রামভিত্তিক কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি আনুষ্ঠানিকভাবে কিছু সংযোগ দিয়েছে। তিতাসের দেওয়া এ ধরনের সংযোগের সংখ্যা প্রায় দুই হাজার ৯০০। আর কর্ণফুলীর দেওয়া সংযোগের সংখ্যা প্রায় এক হাজার ৬০০।সরকারি সূত্র জানায়, বন্ধ ঘোষণার পর এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি এবং সেই আদেশ-সংশ্লিষ্ট কোম্পানির কাছে পৌঁছাতে যে সময় লেগেছে, ওই সময়ের মধ্যেই এসব সংযোগ দেওয়া হয়েছে।এ ছাড়া ১৪টি শিল্পেও অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিমাঞ্চল গ্যাস বিতরণ কোম্পানি দিয়েছে চারটি। বাখরাবাদ বিতরণ কোম্পানি দিয়েছে চারটি এবং কর্ণফুলী দিয়েছে ছয়টি সংযোগ। সংশ্লিষ্ট বিতরণ কোম্পানিগুলোর কয়েকজন কর্মকর্তা জানান, এ ক্ষেত্রে সরকারি নীতিনির্ধারক ও পদস্থ কর্মকর্তাদের সুপারিশ ছিল। তদন্ত কমিটির কাছে তাঁরা এসব চিঠির কপি দিয়েছেন। তাঁরা বলেন, কখনো কখনো কর্তাব্যক্তিরা ফোনে তাঁদের নির্দেশ দিয়েছেন।আবাসিক সংযোগ ছাড়াও প্রয়োজন হলে জরুরি ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু শিল্পে সংযোগ দেওয়া ও বরাদ্দ (লোড) বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্তের ব্যাপারেও প্রশ্ন উঠেছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর নেতৃত্বে পেট্রোবাংলার চেয়ারম্যানকে সদস্যসচিব করে সরকার ছয় সদস্যের ওই কমিটি গঠন করে।কমিটির সদস্যসচিব অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, তাঁদের কমিটি আগে মোট ২৯টি এবং কয়েক দিন আগে আরও ৯২টি (সর্বমোট ১২১টি) শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনযন্ত্রে নতুন সংযোগ প্রদান ও গ্যাসের বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু অন্যান্য নির্ভরযোগ্য সূত্র জানায়, আরও একটি তালিকা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির হস্তগত হয়েছে। সেখানে ওই ১২১টির বাইরে আরও ১৫টি শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনযন্ত্রে সংযোগ প্রদান ও লোড বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে ওই তালিকায় কমিটির সব সদস্যের সই নেই। এ ব্যাপারে তদন্ত এখনো শেষ হয়নি।