অবৈধ গ্যাস সংযোগের মামলার আসামি প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলী আজম ছিদ্দিকী গ্যাসের অবৈধ সংযোগের অভিযোগে দায়ের হওয়া একটি মামলার আসামি।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁর হলফনামা সূত্রে এ তথ্য পাওয়া গেছে। তিনি বর্তমানে মির্জাপুর পৌরসভার কাউন্সিলর ও ১ নম্বর প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।
হলফনামা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ মে মির্জাপুর থানায় তাঁর নামে মামলাটি হয়। টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে মামলাটি বিচারাধীন বলে জানা গেছে।
মির্জাপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড টাঙ্গাইলের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুয আলম বাদী হয়ে ৩০ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা মির্জাপুরের বিভিন্ন স্থানে এলাকাবাসীর কাছ থেকে ৩০ হাজার থেকে ৭০ হাজার টাকা নিয়ে গ্যাসের অবৈধ সংযোগ দেন।
পুলিশ সূত্রমতে, মির্জাপুর থানার তৎকালীন এসআই শ্যামল কুমার দত্ত গত বছরের ২৭ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেন। এতে আলী আজমসহ ২৬ জন আসামিকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। তবে মামলাটি পুনরায় তদন্তের জন্য চলমান বলে আলী আজমের দেওয়া হলফনামা সূত্রে জানা গেছে।
মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মামলাটি পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তদন্ত করছে।
ডিবি টাঙ্গাইলের ওসি গোলাম মাহফীজুর রহমান জানান, প্রায় আড়াই মাস আগে অধিকতর তদন্তের জন্য দেওয়া আদালতের নির্দেশনা অনুযায়ী ডিবি মামলাটি তদন্ত করছে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে কাউন্সিলর প্রার্থী আলী আজম ছিদ্দিকী বলেন, ‘আমি গ্যাস-সংযোগের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত নই।’