অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্নে সাভারে তিতাসের অভিযান
ঢাকার সাভারে ৮৬টি গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আশুলিয়া থানার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৬টি পরিবারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা।
এর আগে গত রোববার ও গতকাল সোমবার সাভারের তেঁতুলঝোড়া ও আশুলিয়ার চারাবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানা, একটি হোটেলসহ ১১টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
তিতাস গ্যাস সাভার আঞ্চলিক বিপণন বিভাগের কর্মকর্তারা আজ আশুলিয়ার গৌরীপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কিলোমিটার অবৈধ লাইনের দুই প্রান্তের ৪০০ ফুট পাইপ তুলে ফেলেন। এর ফলে ওই লাইনের আওতায় ৮৩টি পরিবারের অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া একই এলাকা থেকে আরও ৪০০ ফুট পাইপ তুলে নেওয়ায় তিনটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গতকাল সোমবার আশুলিয়ার চারাবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি হোটেলসহ নয়টি বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় জব্দ করা হয় এক হাজার ফুট পাইপ।
গত রোববার সাভারের তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে জেকেএস গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২৫০ ফুট পাইপ জব্দ করা হয়।
সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী বলেন, ‘অবৈধ গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করার জন্য প্রতি বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে আমার অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী গত বৃহস্পতিবার তেঁতুলঝোড়া এলাকায় অভিযান চালানোর কথা থাকলেও রোববার অভিযান চালানো হয়। এ ছাড়া তিতাস গ্যাস কর্তৃপক্ষ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে।’
তিতাস গ্যাস সাভার আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক জয়নাল আবেদিন বলেন, ‘কম ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের পক্ষ থেকেই অভিযান চালানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তা নেওয়া হবে। ম্যাজিস্ট্রেট ও পুলিশের সহায়তায় প্রতি বৃহস্পতিবার বড় ধরনের অভিযান চালানো হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’