অবৈধ গ্যাসসংযোগ বৈধ করা যাবে ২০ জুন পর্যন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ গ্যাসসংযোগ বৈধ করার জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পেট্রোবাংলা। এই সময়ের মধ্যে সংযোগ বৈধ না করলে ওই সব গ্রাহকের জেল-জরিমানাসহ শাস্তির মুখে পড়তে হবে।

আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।

২০১০ সালের ১৩ জুলাই সরকার আবাসিক গ্রাহকদের নতুন গ্যাসসংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করেছিল। এরপর ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্যাসসংযোগ বন্ধের ওই আদেশ প্রত্যাহার করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যাঁদের অবৈধ সংযোগ রয়েছে, তাঁদের ২০ জুনের মধ্যে নিজ নিজ বিতরণকারী কর্তৃপক্ষের কাছে গিয়ে তা জানাতে হবে।

আবাসিক গ্রাহকদের জন্য নতুন গ্যাসসংযোগ চালুর প্রস্তাবে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রায় তিন সপ্তাহ কেটে গেছে।কিন্তু এখনো দেশের কোথাও নতুন সংযোগ দেওয়া শুরু করা হয়নি।দু-এক দিনের মধ্যে শুরু করা যাবে না বলেও বিতরণ কোম্পানির সূত্রগুলো জানিয়েছে।

পেট্রোবাংলার হিসাবে বন্ধ থাকার সময় তিতাস গ্যাসের এলাকায় সংযোগ পাওয়া চুলার সংখ্যা এক লাখের বেশি।এর মধ্যে ৫৭ হাজার ৪১৪টি চুলার বিপরীতে গ্রাহকেরা ব্যাংকে নিয়মিত বিল দিয়েছেন।কর্ণফুলী ও বাখরাবাদের এলাকাসহ এ ধরনের চুলার সংখ্যা প্রায় দেড় লাখ।এর মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ২০ হাজারের মতো চুলার সংযোগ বৈধ করার জন্য প্রায় আড়াই হাজার গ্রাহক আবেদন করেছেন।এর মধ্যে তিতাসের এলাকায় আবেদনকারীর সংখ্যা প্রায় দুই হাজার।

পেট্রোবাংলা ও বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, নানা ধরনের গুজবের কারণে অনেকেই আবেদন করছেন না।তবে এ ব্যাপারে সরকার তথা পেট্রোবাংলার অবস্থান স্পষ্ট।যাঁরা বন্ধ থাকার সময় সংযোগ পেয়েছেন, তাঁরা আবেদন করলে প্রতিটি চুলার জন্য ১৫ মাসের বিলের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে নিয়ে সংযোগের বৈধতা দেওয়া হবে।অন্য কোনো সমস্যা তাঁদের হবে না।