অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে বিলও আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টঙ্গীর তিলারগাতি এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দিয়ে মাসিক বিলও আদায় করা হচ্ছে। আর অবৈধ এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন রহিমা বেগম নামের স্থানীয় এক নারী। এলাকায় তিনি ‘গ্যাস রহি’ হিসেবে পরিচিত।

তিলারগাতি এলাকার একজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, তিতাস কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে রহিমা এলাকায় অবৈধ গ্যাস-সংযোগ দেন। এসব সংযোগের বিপরীতে মাসিক বিলও নেন তিনি। কেউ বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
কয়েকজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, টঙ্গীর তিলারগাতি এলাকায় রহিমা বেগম দীর্ঘদিন ধরে তিতাস গ্যাসের অবৈধ সংযোগের ব্যবসা করে আসছেন। এলাকায় তিনি অবৈধ গ্যাসের ব্যবস্থাপক হিসেবেও পরিচিত। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের টঙ্গী কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করে তিনি এ অবৈধ ব্যবসা করছেন। প্রতিটি অবৈধ সংযোগের বিপরীতে নেওয়া হয় ৫০ হাজার থেকে ১ লাখ টাকা। জেলার বিভিন্ন এলাকায় হাজার হাজার অবৈধ সংযোগ থাকলেও শুধু এখানেই মাসিক বিল নেওয়া হয়। তবে রহিমা বেগম অফিসে বিল দেওয়ার কথা বলে প্রতি মাসে চুলাপ্রতি ৭০০ টাকা নেন। এসব বিল তিনি নিয়মিত খাতায় লিখে রাখেন। এ বিল বকেয়া পড়লেই রহিমার কর্মীরা এসে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। বকেয়া বিল পরিশোধ না করায় সম্প্রতি এলাকার জাহাঙ্গীর আলমের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জাহাঙ্গীর আলম বলেন, এপ্রিল মাসের বিল না দেওয়ায় রহিমা তাঁর লোকজন নিয়ে এসে তাঁর গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেন। আবার সংযোগ নিতে হলে বকেয়া বিল ও সঙ্গে জরিমানা দিতে হবে তাঁকে।
এলাকার আনোয়ার হোসেন বলেন, তাঁর বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা নেন রহিমা। সংযোগ দেওয়ার পর কাগজপত্র চাইলে তাঁকে বলা হয় কাগজপত্র হেড অফিসে আছে। কাগজপত্র আসার আগ পর্যন্ত প্রতি মাসে ৭০০ টাকা করে বিল পরিশোধ করতে হবে বলেও তাঁকে জানানো হয়। প্রথম কয়েক মাস ৭০০ টাকা করে তিনি বিল দেন রহিমাকে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রহিমার নিজের বাড়িসহ ওই এলাকায় তাঁর নিয়ন্ত্রণে দেড় শ গ্যাস-সংযোগ রয়েছে। প্রতি মাসে তিনি প্রায় এক লাখ টাকা মাসিক ভাড়া ওঠান। তাঁকে সহযোগিতা করেন তাঁর ছেলে সাদ্দাম হোসেন।
জানতে চাইলে রহিমা বেগম বলেন, ‘আমি মাত্র ৫০-৬০টা লাইন দিয়েছি। আরও কত বড় বড় ব্যবসায়ী আছে, তাঁদের নিয়ে লেখেন। আপনারা আমার পেছনে লাগছেন কেন?’
তিতাসের টঙ্গী শাখার সহকারী ব্যবস্থাপক ইমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি সাংবাদিকদের বলেছেন, তাঁদের অফিসের কারও সঙ্গে অবৈধ গ্যাস ব্যবসায়ীদের যোগাযোগ নেই। তাঁদের নাম ভাঙিয়ে এমনটি করা হচ্ছে। অবৈধ সংযোগের বিরুদ্ধে তাঁদের অভিযান অব্যাহত আছে।