অবৈধ ঘোষণা করে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের আশিয়ান সিটি (দক্ষিণখান, আশকোনা ও শিয়ালকাটা) প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে গতকাল সোমবার আবেদন করেছে আশিয়ান কর্তৃপক্ষ। বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে ২৬ জানুয়ারি শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আটটি বেসরকারি সংগঠনের করা রিটের পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি হাইকোর্টের একটি বৃহত্তর বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন। আদালত সূত্র জানায়, এর কার্যকারিতা স্থগিত চেয়ে গতকাল চেম্বার বিচারপতির আদালতে আবেদন দাখিল করে আশিয়ান কর্তৃপক্ষ।
আশিয়ানের আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি ও মোস্তাফিজুর রহমান খান। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মাহমুদুল ইসলাম, এ এম আমিন উদ্দিন ও ইকবাল কবির।
মোস্তাফিজুর রহমান খান পরে প্রথম আলোকে বলেন, রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আবেদনটি করা হলে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দিয়েছেন। ২৬ জানুয়ারি শুনানির জন্য বিষয়টি তালিকায় আসবে।