অবৈধ চলাচল সমস্যা সমাধানে সম্মত ঢাকা-কুয়ালালামপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের অবৈধ যাতায়াত-সমস্যার সমাধানে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। গতকাল বৃহস্পতিবার কুয়ালালামপুরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আনিফাহ হাজি আমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই মতৈক্য হয়। খবর বাসসের।
২২তম আশিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে দুদিনের সফরে এখন কুয়ালালামপুর গেছেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
বাংলাদেশের অবৈধ অধিবাসীদের প্রত্যাবাসনে সাহায্য-সহায়তার জন্য বৈঠকে মাহমুদ আলী মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে নিতে ত্বরিত পদক্ষেপ গ্রহণ করায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দুই পররাষ্ট্রমন্ত্রী জিটুজি ও বিটুবি উভয় প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগের অবস্থা নিয়েও আলোচনা করেন এবং তাঁরা এই প্রক্রিয়া সহজ করতে আরও ইতিবাচক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এবং ভারত ও জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন মাহমুদ আলী। গতকালের এসব বৈঠকে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা হয়।