অবৈধ ছাড় বা কঠোর কোনোটাই নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, কাউকে অবৈধভাবে ছাড় দিয়ে বা কারও প্রতি কঠোর হয়ে রাজস্ব আদায় করা যাবে না। নিয়ম মেনে রাজস্ব আদায় করতে হবে। রাজস্ব আদায় করতে গিয়ে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে কর্মকর্তাদের খেয়াল রাখতে হবে। গতকাল বুধবার চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে রাজস্ববিষয়ক এক সভায় তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে। চট্টগ্রাম অঞ্চলের শুল্ক, মূসক ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।
রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানগুলোতে উন্নয়নবান্ধব, ব্যবসাবান্ধব ও করবান্ধব পরিবেশ নিশ্চিত করার কথাও বলেছেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, রাজস্ব আদায়ে কোনো সমস্যা হলে সরকারের বিভিন্ন সংস্থা এনবিআর সহযোগিতা দেবে।
মামলার কারণে দীর্ঘদিন ধরে রাজস্ব আটকে থাকার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘যে সকল মামলার সঙ্গে বড় অঙ্কের রাজস্ব জড়িত সে সকল মামলা চিহ্নিত করে তা দ্রুত নিষ্পত্তি করতে হবে। সেই সঙ্গে কী কারণে এ ধরনের মামলার ঘটনা ঘটছে, তা-ও খতিয়ে বের করতে হবে।’
সভায় এনবিআর সদস্য ফরিদ উদ্দিন বলেন, যে হারে দেশের অর্থনীতির আকার বাড়ছে সে হারে রাজস্ব আদায় বাড়ছে না।
এনবিআর সদস্য আবদুর রাজ্জাক বলেন, শুল্ক, মূসক ও আয়কর বিভাগ তিনটির মধ্যে সমন্বয় থাকলে রাজস্ব আদায় বাড়বে।
সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার এহতেশামুল হক। সভায় চট্টগ্রাম কাস্টমস, আয়কর বিভাগ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।