অবৈধ জাল বন্ধে বিশেষ অভিযান শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি জাল এবং অন্যান্য অবৈধ জাল নির্মূলে কাল মঙ্গলবার থেকে বিশেষ অভিযান শুরু হচ্ছে। দুই ধাপে এই অভিযান চলবে। আজ সোমবার মৎস্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অবৈধ জাল নির্মূল অভিযানে প্রথম ধাপে কাল শুরু হয়ে ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে। দ্বিতীয় ধাপে ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে। দেশের ১৩টি জেলায় এ অভিযান চলবে। জেলাগুলো হলো ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও পিরোজপুর। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে জাটকাসহ অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লাভা ও পোনা রক্ষায় এ অভিযান চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপকূলীয় বেহুন্দি জাল ও কারেন্ট জাল দিয়ে সারা বছর দেশের সব নদী ও উপকূলীয় এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।