অবৈধ জাল বন্ধের অভিযান শেষ, থামেনি পোনা নিধন
ভোলায় ১৫ দিনব্যাপী অবৈধ জাল নির্মূল অভিযান গত সোমবার শেষ হয়েছে। এরপরও গতকাল মঙ্গলবার বাজারে ইলিশের পোনা দেখা গেছে। অভিযানের মধ্যেও অবৈধ জাল দিয়ে জেলেরা মাছ ধরেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইলিশসহ অন্যান্য মাছ বড় করার লক্ষ্যে ভোলার মেঘনা-তেঁতুলিয়া, ইলিশা-বুড়াগৌরাঙ্গ নদ ও সাগর মোহনায় আট মাসব্যাপী (নভেম্বর-জুন) জাটকা সংরক্ষণ অভিযান চলছে। এর মধ্যে ৪ থেকে ১৮ জানুয়ারি ছিল অবৈধজাল নির্মূল অভিযান। এ অভিযান এ বছরই প্রথম পালিত হলো বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা।
৩৫ জন জেলে বলেন, অবৈধ জালে ১০ ইঞ্চির চেয়ে ছোট আকারের ইলিশ ধরা পড়ে। সারা বছরই এ জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ। তবু কিছু নির্ধারিত দিনে অভিযান চালিয়ে জেলেদের সচেতন করা হচ্ছে। এর মধ্যেও প্রভাবশালী ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় অবৈধ জাল দিয়ে জাটকা ধরা হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, অভিযান চালিয়ে ১১ লাখ ৩৮ হাজার মিটার কারেন্ট জাল, ৯৬ হাজার সুতার জাল, ৩২৯টি বেহুন্দি জাল, ৬৫টি চরঘেরা জাল, পাঁচটি মশারি জাল, একটি বেড় জাল জব্দ করে পোড়ানো হয়েছে। আটক হওয়া জেলেদের ভ্রাম্যমাণ আদালত ৭৮ হাজার টাকা জরিমানা করেছেন।
গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ঢাকা-ভোলা নৌপথে লঞ্চযোগে যাওয়া-আসার পথে দেখা যায়, শত শত নৌকায় জেলেরা অবৈধ কারেন্ট জাল ও পাই জাল দিয়ে ছোট মাছ শিকার করছেন। মেঘনার ভোলার উত্তরে কানিবগারচর, ভোলাচর, গাজীপুর, চর বৈরাগ্য, মধুপুর, নেয়ামতপুর, কাচিয়াচর থেকে শুরু করে সাগর মোহনার তারুয়ারচর পর্যন্ত শতাধিক ডুবোচরে খুঁটি পুঁতে শত শত মশারি, চরঘেরা ও বেহুন্দি জাল দিয়ে শিকার করা হচ্ছে ইলিশসহ বিভিন্ন মাছের পোনা। একই অবস্থা তেঁতুলিয়া ও ইলিশা নদী এবং বুড়াগৌরাঙ্গ নদে। এসব জালে শিকার হওয়া জাটকার দৈর্ঘ্য এক থেকে চার ইঞ্চি। সেই জাটকা গ্রামের হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এক ভাগায় ৫০০ থেকে ৬০০টি জাটকা ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
রাজাপুর চডার মাথা মাছঘাটের আড়তদার আমির হোসেন মাঝি বলেন, ইলিশের পোনাগুলো এত ছোট যে ঢাকা, চাঁদপুর, ভোলা ও বরিশালের কোনো পাইকার তা কেনেন না। স্থানীয় পাইকারেরা এক ঝুড়ি জাটকা কেনেন ২০০ থেকে ৩০০ টাকায়।
সদর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক এরশাদ আলী বলেন, ডুবোচরগুলোতে মশারি, চরঘেরা, বেহুন্দিসহ কারেন্ট জাল দিয়ে জাটকা ধরা হলেও আইন প্রয়োগকারী সংস্থার তেমন অভিযান নেই।
দৌলতখান মাঝিরহাটের জেলে হুমায়ুন কবীর বলেন, একটি চরঘেরা জালে প্রতিদিন যে রেণু ও পোনা ধরা পড়ে, সারা বছর কারেন্ট জালেও তা পাওয়া যায় না।
দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা নেয়ামতপুর ও হাজীপুরচরে কয়েকটি অভিযান চালিয়ে কয়েক হাজার বর্গকিলোমিটার চর ঘেরাজাল ও খুঁটি উচ্ছেদ করেছি।’