বাগদা ও গলদা চিংড়ির পোনা ধরার নামে বরগুনাসহ দেশের দক্ষিণ উপকূলে প্রতিদিন মশারির জাল দিয়ে নির্বিচারে বিভিন্ন প্রজাতির কয়েক লাখ মাছের পোনা নিধন করা হচ্ছে। এতে সামুদ্রিক মাছের বংশবিস্তার হুমকিতে পড়েছে। মৎস্য বিভাগ, পুলিশ ও সরকারদলীয় নেতাদের নিয়মিত মাসোহারা দিয়ে এই বাণিজ্য চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ১৯৯১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ‘সার্ভে অ্যান্ড অ্যাসেসমেন্ট অব শ্রিম্প ফ্রাই রিসোর্স অব বাংলাদেশ’ শিরোনামে একটি প্রকল্পের আওতায় বরগুনাসহ উপকূলীয় এলাকার নদ-নদীতে একটি জরিপ পরিচালনা করে। জরিপের ফলাফলে দেখা যায়, পোনা সংগ্রহকারীরা একটি বাগদা পোনা ধরতে গিয়ে ধ্বংস করছে ৩৮ প্রজাতির চিংড়ি ছাড়াও ছয় প্রজাতির অন্যান্য মাছ এবং ৫৬ প্রজাতির জুপ্লাংটনসহ ১০০ প্রজাতির জলজ প্রাণী।
জানতে চাইলে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন সুলতান মাহমুদ বলেন, এটি যে মৎস্য ভান্ডারের জন্য বিরাট হুমকি তা বিশেষজ্ঞ পর্যায় থেকে দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কৃত্রিম উপায়ে (হ্যাচারি পদ্ধতি) চিংড়ি রেণু উৎপাদনকে উৎসাহিত করা দরকার।
অনুসন্ধানে জানা গেছে, সরকার উপকূলে চিংড়ি পোনা শিকার নিষিদ্ধ করলেও তা উপেক্ষা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা কোটি কোটি টাকা লগ্নি করে দরিদ্র জেলেদের চিংড়ি ধরার কাজে উৎসাহিত করছে। পাথরঘাটার চরদুয়ানি মৎস্য উপকেন্দ্র থেকে প্রতিদিন ১৮টি ট্রাক গলদা ও বাগদা রেণু নিয়ে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট যায়। বরগুনার আমতলী, তালতলী ও পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর, কুয়াকাটা ও আলীপুর মোকাম থেকে কমপক্ষে ১০টি ট্রাক এবং বরগুনা সদর থেকে দুটি ট্রাক বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরায় যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পাথরঘাটার কয়েকজন পোনা ব্যবসায়ী বলেন, ট্রাকভেদে ১৮ থেকে ৩০টি পাতিল বহন করা যায়। একেকটি পাতিলে ১০ হাজার করে পোনা বহন করা হয়। সে অনুযায়ী প্রতিটি ট্রাকে এক লাখ ৮০ হাজার থেকে তিন লাখ পোনা বহন করা হয়। সেই হিসাবে প্রতিদিন এই তিন পথে ৩০টি ট্রাকে গড়ে ৬০ লাখ পোনা পাচার হয়। এ ছাড়া নদীপথে ট্রলারে করে পাচার হয় কমপক্ষে আরও ৪০ লাখ পোনা। বাগদা রেণুর প্রতি হাজার এক হাজার টাকায় কিনে মোকামে দেড় হাজার এবং গলদা পোনা দেড় হাজার টাকায় কিনে মোকামে দুই হাজার টাকা দামে বিক্রি হয়।
পাথরঘাটার কয়েকজন ব্যবসায়ী বলেন, পাতিলপ্রতি পুলিশকে ২০ টাকা, ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও ক্যাডারদের মাসে এক লাখ টাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাসিক ৮০ হাজার টাকা দিয়ে এসব ট্রাকে করে পোনা পাচার করা হয়। এ ছাড়া মঠবাড়িয়া ও পিরোজপুর এলাকায় ট্রাকপ্রতি পুলিশ ও মাস্তানদের আরও সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হয়।
সরেজমিনে বরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীর তীরবর্তী এলাকাগুলো ঘুরে দেখা যায়, বহু নারী-শিশু মশারির জাল দিয়ে চিংড়ি রেণু ধরার কাজে ব্যস্ত। প্রতিবার জাল ফেলে সাত-আটটি চিংড়ি পোনা পেলেও তার সঙ্গে উঠে আসছে টেংরা, পোয়া, তপসিসহ কয়েক প্রজাতির পোনা। চিংড়ি পোনা আলাদা করে মাটি ও অন্যান্য পাত্রে জিইয়ে রাখলেও অন্য প্রজাতির মাছের পোনাগুলো ডাঙায় অথবা চরে ফেলে দেওয়ায় সেগুলো মারা যাচ্ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস বলেন, ‘জেলেরা যাতে রেণু পোনা শিকার করতে না পারে সে ব্যাপারে আমরা সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে ৯০ লাখ রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়েছে। প্রশাসন ও কোস্টগার্ডের সহযোগিতায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।’
বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম পুলিশের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমি পাইনি।’
বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার ওরফে টুকু বলেন, ‘পোনা পাচারের সঙ্গে আমাদের দলের কেউ জড়িত নয়। তবে কেউ যদি বিচ্ছিন্নভাবে এ ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকে সেটা তারই দায়িত্ব।’