অবৈধ জালে শিকার, মৎস্য সম্পদ হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার আমতলী উপজেলায় সাগর মোহনাসহ বিভিন্ন নদী ও খালগুলোতে অবৈধ জাল পেতে নির্বিচারে মাছ ধরা হচ্ছে। একই সঙ্গে বাগদা ও গলদার রেণু সংগ্রহ করতে গিয়ে ধ্বংস করা হচ্ছে নানা প্রজাতির মাছের পোনা। এভাবে মাছ ধরায় ও পোনা নিধন করায় নানা প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বৃহস্পতিবার উপজেলার তালতলী থানার হরিণবাড়িয়া এলাকা ঘুরে দেখা গেছে, হরিণবাড়িয়া নদীর সেতুসংলগ্ন এলাকায় দুই কিলোমিটার জুড়ে এপাড়-ওপাড় আড়াআড়িভাবে ৫০টির মতো ‘চাক জাল’ পেতে রাখা হয়েছে। স্থানীয় জেলেরা জানান, বিভিন্ন নদী ও খালে পানির এক-দেড় ফুট নিচে কারেন্ট জাল পেতে রাখা হয়। এই জালগুলোয় পোয়া, তপসি, বেলেসহ বিভিন্ন মাছের পোনা আটকে পড়ে মারা যাচ্ছে। সরেজমিন দেখা গেছে, পায়রা নদীর জয়ালভাঙ্গা, আশারচর, টেংরাগিরিসহ বিভিন্ন স্থানে মশারি জাল দিয়ে গলদা চিংড়ির রেণু ধরা হচ্ছে। এ ছাড়া একই জাল ব্যবহার করে প্রায় সারা বছরই সাগর মোহনাসহ পায়রা নদীর ওই এলাকাগুলোয় বাগদা রেণু শিকার চলছে বলে বেশ কয়েকজন জেলে জানান। উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সাগর মোহনায় একটি বাগদা বা গলদা পোনা সংগ্রহ করতে গিয়ে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১২ জুপ্লাংটন ও ৩১ প্রজাতির সাদা মাছের পোনা ধ্বংস হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বায়েজিদ আলম বলেন, ‘লোকবলের অভাবে বিশাল এলাকাজুড়ে আমরা অবৈধ জাল পাতা একেবারে বন্ধ করতে পারছি না।’