অবৈধ জেটি দেখে নৌমন্ত্রীর ক্ষোভ
নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান কক্সবাজারের নিলা ইউনিয়নের দমদমিয়া অবৈধ জেটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেছেন।গতকাল শনিবার সেন্ট মার্টিন থেকে বিআইডব্লিউটির এসটি শহীদ আবদুর রব সেরনিয়াবাত জাহাজে সকালে টেকনাফ স্থলবন্দরে পৌঁছান শাজাহান খান। স্থলবন্দরে নির্মিত পর্যটক জেটি, আন্তর্জাতিকমানের টার্মিনাল, অভিবাসন তল্লাশি চৌকি, গুদামঘর, নবনির্মিত অফিস ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন শাজাহান খান। তবে দমদমিয়ার সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজের অবৈধ জেটি পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, এসব ঝুঁকিপূর্ণ জেটি দ্বারা ব্যক্তিবিশেষ লাভবান হলেও সরকার বিপুলপরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই এ বিষয়ে মন্ত্রণালয়ের উদ্যোগে শিগগিরই বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, ইউনাইটেড ল্যান্ড কর্তৃপক্ষ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ব্যবসায়ীদের সমন্বয়ে সভা আহ্বান করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।এ সময় বাংলাদেশ স্থলবন্দর চেয়ারম্যান এ কে এম ইয়াহিয়া চৌধুরী, ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক (প্রশাসন) কর্নেল ফারুক, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।‘জেটি থাকতেও ঝুঁকিপূর্ণ সাঁকোয় পার হচ্ছে পর্যটক’ শিরোনামে ২০১১ সালের ১৫ জানুয়ারি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয় প্রথম আলোয়।