অবৈধ তোরণ ভেঙে ফেলায় সড়ক অবরোধ করে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করলেন মিরপুর এলাকার সরকারি দলের সাংসদ কামাল আহমেদ মজুমদার। এ সময় আশপাশের সড়কগুলোতে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত ঝুঁকিপূর্ণ তোরণগুলো ২৫ জুন সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা করা হয়নি। যানজট ও জনদুর্ভোগের কারণ হওয়ায় গতকাল রোববার মাত্র তিনটি তোরণ সরিয়ে নেওয়া হয়। এতেই স্থানীয় সাংসদ ওই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
গতকাল বিকেল পৌনে চারটা থেকে পাঁচটা পর্যন্ত মিরপুর ১০ নম্বর থেকে মিরপুর ২ নম্বর শেরেবাংলা স্টেডিয়ামের সামনের সড়ক অবরোধ করে রাখেন সাংসদ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, অবৈধ তোরণ ভাঙার প্রতিবাদে কামাল আহমেদ মজুমদার তাঁর শ খানেক সমর্থক নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থান নেন। তাঁরা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) এবং কাফরুল ও ভাসানটেক থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণ দাবি করেন। সাংসদ মিছিল নিয়ে মিরপুর থানার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। সাংসদ হুমকি দিয়েছেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই পুলিশ কর্মকর্তাদের অপসারণ করা না হলে শনিবার তিনি আন্দোলন কর্মসূচি শুরু করবেন।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ প্রথম আলোকে বলেন, কামাল আহমেদ মজুমদার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ জুন সরিয়ে নেওয়ার শর্তে তাঁর কাছ থেকে অনাপত্তি পত্র নিয়ে মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, ভাষানটেক ও কচুক্ষেত এলাকায় অন্তত ১২টি তোরণ নির্মাণ করেন। ২৫ জুন থেকে পুলিশ কর্মকর্তারা এগুলো সরিয়ে নিতে সাংসদকে বারবার অনুরোধ করলেও তিনি তা আমলে নেননি।
ইমতিয়াজ আহমেদ বলেন, তোরণগুলো এমন ঝুঁকিপূর্ণ ছিল যে, যেকোনো সময় তা পড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটতে পারত। তা ছাড়া, তোরণের কারণে যানজটসহ জনদুর্ভোগ হচ্ছিল। গতকাল জনস্বার্থে পুলিশ নির্মাণকারী ঠিকাদার দিয়ে এ তোরণ সরানোর উদ্যোগ নেয়।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল রাতে যোগাযোগ করা হলে সাংসদ কামাল আহমেদ মজুমদারের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।