অবৈধ দখল উচ্ছেদের দাবিতে চিনিকল শ্রমিকদের অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিনিকলের জমি থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ থানা মোড়ে সড়ক অবরোধ করা হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন ও আখ চাষি কল্যাণ সমিতির ডাকে ওই কর্মসূচি পালিত হয়। এর আগে একটি মিছিল উপজেলা শহর প্রদক্ষিণ করে।
অবরোধ চলার সময় বক্তব্য দেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, কলেজশিক্ষক আবু তাহের, রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল মতিন, সম্পাদক মোস্তাফিজুর রহমান সহসাধারণ সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় প্রশাসনকে বারবার তাগাদা দেওয়ার পরও সরকারি সম্পদ রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না হলে রাজপথ-রেলপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জের সাপমারা ও কাটাবাড়ি ইউনিয়নে ১ হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু এসব জমি বাপ-দাদার দাবি করে নৃগোষ্ঠীর কিছু লোক গত ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখলে নিয়ে একচালা ঘর নির্মাণ করেন। অথচ অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে চলে যাবে। কিন্তু কতিপয় সুবিধাবাদী ব্যক্তির উসকানিতে নৃগোষ্ঠীর কিছু লোক চিনিকলের জমি দখল করেন।
এ বিষয়ে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ইক্ষু খামার জমি উদ্ধার সংহতি কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে মুঠোফোনে বলেন, ‘কারও উসকানিতে দখল করিনি। চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে প্রকৃত মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হয়নি। তাই দখলের ঘটনা ঘটে।’