অবৈধ দখল সরাতে সময় ৭ দিন: ডিএনসিসি
সাত দিনের মধ্যে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে নিতে দোকান মালিকদের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ এক অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র আনিসুল হক বলেন, ১০ তারিখের পর ডিএনসিসির ভ্রাম্যমাণ দল বিভিন্ন এলাকায় ঘুরে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান ক্লাবে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় মেয়র আনিসুল হক এই নির্দেশনা দেন। সভাটির আয়োজন করে ডিএনসিসি। অবৈধ দখল করা জায়গা ছেড়ে দিতে ও বিপণিবিতানগুলো পরিষ্কার রাখতে ডিএনসিসি সচেতনতা কার্যক্রম চালাবে বলে সভায় জানানো হয়।
বিপণিবিতান ও দোকান মালিক সমিতির নেতারা এ সভায় অংশ নেন। মেয়র আনিসুল হক দোকানদারদের উদ্দেশে বলেন, ‘ঢাকা উত্তরে দেড় লাখের বেশি দোকান আছে। মার্কেট বা মার্কেটের বাইরের বেশির ভাগ দোকান মালিকেরা মালপত্র সড়ক ও ফুটপাতে রাখেন। রেস্তোরাঁ চুলা রাখছে ফুটপাতে।’ তিনি বলেন, দোকানের যতটুকু জায়গা বরাদ্দ আছে, তার বাইরে এক ইঞ্চি দখলে রাখার অধিকার নেই। বাইরে এক ইঞ্চি জায়গাতেও মালামাল রাখতে পারবেন না। ডিএনসিসি আইনি ঝামেলায় যেতে চায় না। মামলায় আপনারাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তাই নিজেরাই মালামাল সরিয়ে নিন।
বনানী, গুলশান, মহাখালী এলাকার দোকান মালিক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, ফুটপাতে চলাচলে দুর্ভোগ বেশি। দোকানদারেরাই দখল করে রাখছেন । দোকান মালিকদের নোটিশ দিতে হবে। মালপত্র সরিয়ে সড়ক ও ফুটপাতমুক্ত করতে ব্যবসায়ীরা সহযোগিতা করবেন ।
ঢাকা উত্তরে দৈনিক আড়াই হাজার টনের মতো বর্জ্য হয়। এর মধ্যে দোকানের বর্জ্য ৭০০-৮০০ টন বলে জানান মেয়র। তিনি বলেন, দিনের বেলা দোকান মালিকেরা তাদের বর্জ্য যেখানে সেখানে ফেলেন। নিজেদের মতো করে ডাস্টবিন করুন। সেখানে আবর্জনা রাখুন। সিটি করপোরেশন নির্দিষ্ট সময়ে সেখান থেকে আবর্জনা সংগ্রহ করবে।
সভায় ডিএনসিসির কর্মকর্তা, কাউন্সিলর ও দোকান মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।