অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নয়: হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশান লেকের অবৈধ দখলকারীদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে রাজউকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন। ‘বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে গুলশান লেক, বাঁধ দিয়ে নতুন নতুন অবৈধ স্থাপনা’ শিরোনামে গতকাল প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে ব্যর্থতার বিষয়ে ব্যাখ্যা জানানোর জন্য রাজউকের চেয়ারম্যান ও গুলশানের অথরাইজড কর্মকর্তাকে ২৪ জানুয়ারি আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দখলে-দূষণে ইতিমধ্যেই বিপন্ন রাজধানীর গুলশান লেকের প্রায় পাঁচ বিঘা অংশ মূল লেক থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। করাইল বস্তির কাছে গুলশান এভিনিউর পশ্চিম তীরে লেকের বুক চিরে দেওয়া হয়েছে বাঁধ। তার ওপর গড়ে তোলা হয়েছে নতুন নতুন টিনের ঘর। গত বছরের এপ্রিল-মে মাসে লেকের পশ্চিম পাড়ে বস্তিসংলগ্ন কিছু অংশ এবং এর একটু দূরে আরেকটি স্থান ভরাট করে বাঁধ দেওয়া হয়েছে।