গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবিতে গতকাল রোববার চিনিকলের কর্মকর্তা ও কর্মচারীরা উপজেলা শহরে মিছিল করেছেন। মিছিল শেষে তাঁরা গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ আবুল কালাম আজাদকে স্মারকলিপি দেন।
সাংসদ আবুল কালাম আজাদ মুঠোফোনে বলেন, ‘বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হবে।’
গতকাল দুপুর ১২টার দিকে চিনিকল চত্বর থেকে মিছিল শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে উপজেলা শহরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবদুল মতিন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, চিনিকল আখচাষি ইউনিয়নের সভাপতি জিন্নাত আলী প্রধান প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৫৫ সালে চিনিকল কর্তৃপক্ষ আখ চাষের জন্য উপজেলার মাদারপুর, রামপুরা, সাপমারা, ফকিরগঞ্জ ও সাহেবগঞ্জ এলাকায় ১ হাজার ৮৪০ একর জমি অধিগ্রহণ করে। তখন থেকে এসব জমিতে উৎপাদিত আখ চিনিকলে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু এসব এলাকার কতিপয় সুবিধাবাদী ব্যক্তি স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের উসকানি দিয়ে সম্প্রতি চিনিকলের জমি দখলের চেষ্টা করছেন। তাঁরা নিজেদের বাপ-দাদার জমি দাবি করে আন্দোলন শুরু করেছেন। ১ জুলাই প্রায় ১০০ একর জমি দখল করার উদ্দেশ্যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকজন লোক একচালা ঘর নির্মাণ করেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, বিষয়টি প্রশাসন এবং চিনিকলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সাহেবগঞ্জ ইক্ষু খামার জমি উদ্ধার কমিটির সহসভাপতি সিলিমিন বাক্সে গতকাল মুঠোফোনে বলেন, চিনিকল কর্তৃপক্ষ জমি অধিগ্রহণের সময় জমির মালিকদের সঙ্গে চুক্তি করে। সেখানে কখনো ওই সব জমিতে আখ ছাড়া অন্য ফসলের চাষ হলে মালিকদের জমি ফেরত দেওয়ার কথা বলা হয়। কিন্তু কিছুদিন ধরে ওই সব জমিতে ধান ও তামাক চাষ হচ্ছে। অথচ জমি ফেরত দেওয়া হচ্ছে না। এ নিয়ে আন্দোলন করেও কাজ হয়নি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল আউয়াল বলেন, অভিযোগটি ভিত্তিহীন। অধিগ্রহণের সময় চুক্তিনামায় বলা হয়, কখনো চিনিকল বা খামার বন্ধ হলে সে ক্ষেত্রে ওই সব জমি সরকারের কাছে ফেরত যাবে।