অবৈধ দখলদারদের হুমকি উচ্ছেদ অভিযান স্থগিত!
অবৈধ দখলদারদের আন্দোলনের হুমকির মুখে দিনাজপুরের পার্বতীপুরে রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদের তিন দিনব্যাপী অভিযান স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল সোমবার থেকে অভিযান শুরু হওয়ার কথা ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন অভিযান পরিচালনাকারী দলের প্রধান পাকশীর বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা কিরণচন্দ্র রায়।রেলওয়ে সূত্রে জানা গেছে, সম্প্রতি পার্বতীপুর, সৈয়দপুর, নীলফামারীসহ উত্তরাঞ্চলে যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদেরের সফরের সময় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী পার্বতীপুরে রেলের জমিতে গড়ে তোলা ৩৫০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা ও ২০ মের মধ্যে সেগুলো সরিয়ে নেওয়ার জন্য দখলদারদের নোটিশ দেওয়া হয়। এ ছাড়া শহরে মাইকিং করা হয়। নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ে সেগুলো সরিয়ে নেওয়া না হলে ২১, ২২ ও ২৩ মে পর্যায়ক্রমে সেগুলো উচ্ছেদ করা হবে।উচ্ছেদ অভিযানের নোটিশ পাওয়ার পর থেকে অবৈধ দখলদারেরা সংগঠিত হয়ে সভা, সমাবেশ ও মানববন্ধন করে। তারা অভিযান শুরুর দিন স্থানীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ আহ্বান ও উচ্ছেদ অভিযান পরিচালনাকারী দলের সঙ্গে সাক্ষাৎ করে অভিযান স্থগিতের অনুরোধ জানায়।পাকশী বিভাগীয় ভূ-সম্পদ কর্মকর্তা কিরণচন্দ্র রায় জানান, বিষয়টি রেলওয়ে পশ্চিমাঞ্চলের ভূ-সম্পদ কর্মকর্তা (সিইও) ও বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপককে (ডিআরএম) অবহিত করলে তাঁরা অভিযান স্থগিতের পরামর্শ দেন।