অবৈধ দখলে থাকা রেলওয়ের জমি উদ্ধারের সুপারিশ সংসদীয় কমিটির
বাংলাদেশ রেলওয়ের ইজারাযোগ্য জমি বেদখল হয়ে যাওয়ায় প্রতিবছর সরকারের ৫২ কোটি নয় লাখ ৪৪ হাজার ৩৭১ টাকা ক্ষতি হচ্ছে। দীর্ঘদিন পতিত রাখার ফলে এসব জমি দখল হয়ে গেছে। রেলওয়ের ইজারার হার অনুসারে অবৈধ দখলে থাকা জমি ইজারা দিলে সরকারের বছরে ৫২ কোটি টাকার বেশি আয় হতো।বাংলাদেশ রেলওয়ের জমি ব্যবস্থাপনা সম্পর্কিত বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে এসব তথ্য বেরিয়ে এসেছে। গতকাল মঙ্গলবার সংসদ সচিবালয়ে সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর সভায় সভাপতিত্ব করেন।বেদখল হওয়া জমি অবিলম্বে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করার সুপারিশ করেছে কমিটি। একই সঙ্গে অবৈধ দখলদার এবং অভিযুক্ত সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করা হয়েছে।সভায় জানানো হয়, বিএনপি সরকারের সময় সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা রাজধানীর রেলওয়ে হাসপাতালের পাশে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের চার বিঘা জমি প্রতীকী মূল্যে তাঁর স্ত্রীর একটি এনজিওর নামে বরাদ্দ দিয়েছেন। এ বরাদ্দ স্থগিত করে এ-সংক্রান্ত সব কাগজপত্র কমিটির আগামী সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।একই সঙ্গে এ জমি বরাদ্দের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে বলা হয়েছে।বৈঠক শেষে সংসদের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে মহীউদ্দীন খান আলমগীর রেলওয়ের অব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, রেলওয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে ইজারা দেওয়ার সুপারিশ করা হয়েছে। মহীউদ্দীন খান আলমগীর বলেন, বিএনপি জোট সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রামে বিএনপির ৪৯ জন নেতাকে কোনো দরপত্র ছাড়াই সিএনজি স্টেশন স্থাপনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এ জমি বরাদ্দে কোনো নিয়ম মানা হয়নি। এসব জমি কীভাবে বরাদ্দ দেওয়া হয়েছে, তা জানানোর জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।তিনি বলেন, ২০০২-০৩ অর্থবছরে রেলওয়ের দুই কোটি ৭৪ লাখ টাকা রাজস্ব আয় হলেও তা সরকারি কোষাগারে জমা হয়নি। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্ত করে মামলা করতে বলা হলেও তারা তা করেনি। এই দুর্নীতির সঙ্গে জড়িত রেলওয়ের কর্মকর্তাদের বেতন ও পেনশন ভাতা কেটে রাখার জন্য সুপারিশ করা হয়েছে।সভায় জানানো হয়, খুলনার ওয়ার্ড কমিশনার তসলিম উদ্দিন রেলওয়ের ৩৫ একর জমি দখল করেছেন। এক মাসের মধ্যে এসব জমি উদ্ধার করার জন্য সুপারিশ করেছে কমিটি।