অবৈধ দখলে থাকা রেলওয়ের বাসাগুলো উদ্ধারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ দখলে থাকা বাংলাদেশ রেলওয়ের সাত হাজার ১৭২টি বাসা উদ্ধারের সুপারিশ করেছে সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভায় এ সুপারিশ করা হয়।এসব বাসার অধিকাংশ অবৈধ দখলদারদের হাতে থাকলেও বিদ্যুৎ বিল দিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। ভাড়া আদায় করতে না পারায় এবং উল্টো বিদ্যুৎ বিল পরিশোধ করায় সরকারের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১২ কোটি ৯০ লাখ ৯৬ হাজার টাকা। বাংলাদেশ রেলওয়ের বাসস্থান-ব্যবস্থাপনা বিষয়ে ২০০২-২০০৩ অর্থবছরে বিশেষ নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। সভায় কমিটি এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।সভা সূত্র জানায়, কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেলওয়ের বাসাগুলো অবৈধ দখলে চলে যাওয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। একই সঙ্গে এক মাসের মধ্যে ওইসব বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার সুপারিশ করা হয়।সভায় রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় দুই হাজার ৮১৭টি বাসা দীর্ঘদিন খালি থাকার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া যেসব বাসা ব্যবহারের অযোগ্য, সেগুলো পরিত্যক্ত ঘোষণা এবং যেগুলো সংস্কারযোগ্য সেগুলো সংস্কার করে ভাড়া দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করা হয়।কমিটির সদস্য আলী আশরাফ, ইমাজ উদ্দিন প্রামাণিক, এ কে এম রহমতুল্লাহ, খান টিপু সুলতান, নারায়ণ চন্দ্র চন্দ এবং ফরিদা আখতার সভায় যোগ দেন।