অবৈধ দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল রোববার ১৮টি অবৈধ দোকান উচ্ছেদ করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই সব দোকান থেকে ৪৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভালুকা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে উপজেলা নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শাখাওয়াত হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌর এলাকার বাসস্ট্যান্ডসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা মনিহারি দোকান, জুতার দোকান, প্লাস্টিক সামগ্রীর দোকানসহ মোট ১৮টি দোকান উচ্ছেদ করেন। এ সময় মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকান স্থাপনের অভিযোগে উচ্ছেদ হওয়া ওই ১৮টি দোকানের মালিককে বিভিন্ন অঙ্কে জরিমানা করে ৪৪ হাজার ৫০০ টাকা আদায় করা হয়। এ ছাড়া মহাসড়ক দখল করে রাখার (পার্কিং) অপরাধে একটি পোশাক কারখানা গাড়িকে ২০০ টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল আহসান তালুকদার বলেন, আসন্ন ঈদের আগে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ককে যানজটমুক্ত রাখার জন্যই এ অভিযান চালানো হয়। ময়মনসিংহ অফিস|